ঘাটাইলে প্রাথমিক শিক্ষকের কারাদণ্ড পরে প্রত্যাহার

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৪৬
প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগে মোস্তাফিজুর রহমান নামে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে দশদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) মুছাম্মত্ শাহীনা আক্তার মমরেজ গলগণ্ডা পরীক্ষাকেন্দ্রে এই দণ্ডাদেশ দেন। অতঃপর শিক্ষকদের আন্দোলনের মুখে চার ঘন্টা পর ঐ শিক্ষকের দণ্ডাদেশ প্রত্যাহার করা হয়। মোস্তাফিজুর রহমান ঘাটাইলের ঘুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মমরেজ গলগণ্ডা কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম জানান, পরীক্ষা কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনকালে মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের নকল সরবরাহ করছিলেন। এ সময় তিনি ঐ শিক্ষককে হাতেনাতে ধরে ফেলেন। পরে সহকারী কমিশনার(ভূমি) মুছাম্মত্ শাহীনা আক্তারের ভ্রাম্যমাণ আদালত স্বীকারোক্তির ভিত্তিতে মোস্তাফিজুর রহমানকে দশদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।