থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রবিবার রাতে হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে দেশটিতে সমপ্রতি পাসকৃত সাধারণ ক্ষমার আওতায় সরকারের ক্ষমা করে দেয়ার পরিকল্পনার বিরুদ্ধে তারা এই বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা ওইদিন বর্তমান প্রধানমন্ত্রী ও থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রারও পদত্যাগ দাবি করে। বিক্ষোভকারীদের বক্তব্য: তারা কোনভাবেই সরকারের থাকসিন সিনাওয়াত্রাকে সাধারণ ক্ষমা করার পরিকল্পনাকে মেনে নেবে না। ব্যাংকক চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক থিটিনান পংসুধিরাক বলেন, আমরা দেখতে পাচ্ছি এখন ব্যাংককের পরিস্থিতি আবার খারাপের দিকে যাচ্ছে। সরকার বিরোধী বিক্ষোভ আবার চাঙ্গা হয়ে উঠছে। তারা থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমা করে দেয়ার সরকারের পরিকল্পনার বিরুদ্ধে আবার সোচ্চার হচ্ছে। তিনি বলেন, আমি মনে করি আন্দোলনকারীদের এ পদক্ষেপ দেশটিতে নতুন করে নির্বাচনের বাতাস বইয়ে দিবে, যাতে করে তারা তাদের পছন্দের লোককে বেছে নিতে পারে। গতমাসে থাই পার্লামেন্টের নিম্নকক্ষে রাজনৈতিক সাধারণ ক্ষমা সংক্রান্ত একটি বিতর্কিত বিল পাস হয়। সেসময়ে বিরোধীদের আশঙ্কা ছিল এর মাধ্যমে থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমা করে দেয়ার বিষয় পাকাপোক্ত হচ্ছে। সরকারের এই দুরভিসন্ধির বিরুদ্ধে বিক্ষোভকারীরা ওইদিন আন্দোলনে ফেটে পড়ে।
