ধুনটে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৪৮
বগুড়ার ধুনট থানার তিন পুলিশ কর্মকর্তার অপসারণের দাবি জানিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান। গত রবিবার সকালে ধুনট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সংবাদ সম্মেলনে ভিপি শেখ মতিউর রহমান বলেন, ধুনট থানার বিতর্কিত অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান যোগদানের এক মাস অতিবাহিত হওয়ার আগেই আমাকে অন্যায়ভাবে আটক করে থানায় নিয়ে যায়। এর আগে তিনি ডিবি পুলিশের এসআই পদে থাকা অবস্থায় একটি মিথ্যা অভিযোগে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু ও সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামকে আটক করে। এছাড়া এএসআই আনিছুর রহমান যুবলীগ কর্মী রঞ্জু প্রামাণিকের কাছে চাঁদা দাবি করে আসছিল। এক পর্যায়ে শুক্রবার রঞ্জুকে এএসআই আনিছ আটক করে ৫৪ ধারায় আদালতে পাঠায়। সংবাদ সম্মেলনে ভিপি মতিউর আরো বলেন, আমি ধূমপান করি না। অথচ পুলিশকে মারধরের মিথ্যা অভিযোগ এনে মিজানুর রহমান গণমাধ্যমের কাছে বলেছে, আটক হওয়ার সময় আমি মাদকাসক্ত ছিলাম। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান, এসআই মিলন কুমার চ্যাটার্জি ও এএসআই আনিছুর রহমানের অপসারণ দাবি করেন।