বিশ্ববাজারে তেলের দাম কমেছে

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৪৮
ইরানের সাথে ছয় বিশ্বশক্তির সমঝোতার পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ইরান তার কিছু পরমাণু কর্মসূচি প্রত্যাহার করবে সেই শর্তে কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়েছে ছয় বিশ্বশক্তি। তেল মজুদের দিক থেকে বিশ্বে চতুর্থ অবস্থানে থাকা ইরানের তেল রপ্তানির ওপর নানারকম নিষেধাজ্ঞা ছিল। তবে আগামী ৬ মাস পর্যন্ত ইরান তেল রপ্তানি বাড়াতে পারবে না। এদিকে পরমাণু চুক্তি হয়েছে এমন খবরের পরপরই সোমবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম শতকরা ২ ভাগ কমে যায়। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১০৮ ডলার থেকে ২ ডলার কমেছে। যুক্তরাষ্ট্রের লাইট সুইট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮৪ সেন্ট কমেছে। ব্যারেটস বুলেটিনের প্রধান জনাথন ব্যারেট বলেন, অনেক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। ইরান যদি সঠিকভাবে আচরণ করে তবে আস্তে আস্তে তারা আবার পুরোপুরি বিশ্ববাজারে প্রবেশ করতে পারবে।