টেকেরহাটে ৩ জনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৯

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৪৯
মাদারীপুর টেকেরহাটে তিনজনসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নয়জন মারা গেছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। টেকেরহাট (মাদারীপুর) টেকেরহাট-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কালিবাড়ী এলাকায় গত রবিবার রাতে ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্র সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত ও চারজন আহত হন। নিহতরা হলেন: রাজৈর গ্রামের নজরুল ইসলাম, জালাল মিয়া ও মোল্লাদী গ্রামের আখতার। আহত লিপি, একরাম, সৈকতকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আজিজুলকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ স্থলবন্দর মহাসড়কের মহারাজপুর মেলার মোড় এলাকায় গত রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় কিনু মন্ডলের ছেলে টুটু মন্ডল (৪০) নামে এক ব্যক্তি নিহত হন। নসিমনের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর দিনাজপুরের ফুলবাড়িতে গত রবিবার রাতে ভটভটির ধাক্কায় নাজমুল হক (৩৫) নামে এক পথচারী নিহত হন। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় ইউডি মামলা হয়েছে। পটুয়াখালী দুমকি উপজেলার তালতলী বাজার এলাকায় গত রবিবার বিকালে সড়কে এক মোটর সাইকেল দুর্ঘটনায় স্বপন সিকদার (২৭) নামে চালক ঘটনাস্থলেই নিহত ও তার ছোটভাই রাকিব সিকদার আহত হন। আহত রাকিবকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডোবায় গতকাল সোমবার ভোরে সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে আবু তাহের পাপ্পু (৪৬) নামে একজন ঘটনাস্থলেই নিহত এবং পাঁচজন আহত হন। গুরুতর আহত দু’জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ গোপালগঞ্জে ইজিবাইক চাপায় আহত অপু সিকদার (১০) নামে প্রাথমিক সমাপনী এক পরীক্ষার্থী গতকাল সোমবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। গত রবিবার পরীক্ষা শেষে ঘোনাপাড়া থেকে থ্রি হুইলারে নীলার মাঠে নামে। এ সময় একটি ইজিবাইক চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ ঘটনায় গতকাল সোমবার সকালে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোবরার নীলার মাঠ এলাকায় গাছের গুঁড়ি ফেলে শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে। শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা গোবরা নীলার মাঠের সড়কে মানববন্ধন পালন করে। পূর্বধলা (নেত্রকোনা) নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গত রবিবার সকালে ট্রেনে কাটা পড়ে সুমন মিয়া (২৬) নামে এক ব্যক্তি মারা গেছে। স্থানীয়রা জানান, সুমন মিয়া দীর্ঘদিন যাবত্ মানসিক সমস্যায় ভুগছিলেন।