স্লেজিংয়ের অভিযোগে ক্লার্ককে জরিমানা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২২:০২
স্লেজিংয়ের অভিযোগে অসি অধিনায়ক মাইকেল ক্লার্কের ম্যাচ ফির বিশ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রতিপক্ষ ইংল্যান্ডের টেলএন্ডার ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসনের হাত ভেঙ্গে দেয়ার হুমকি দেয়ায় গতকাল সোমবার তাকে জরিমানা করার ঘোষণা দেয় আইসিসি। ইংল্যান্ড ইনিংসের শেষ দিকে উইকেটে ছিলেন অ্যান্ডারসন। স্ট্যাম্প মাইক্রোফোনে রেকর্ড হওয়া বক্তব্যে ক্লার্ক অ্যান্ডারসনের উদ্দেশ্য করে বলেন, ‘প্রস্তুত হও, তোমার হাত ভেঙ্গে দেব’। ঘটনার এখানেই শেষ নয়। ইংল্যান্ডের এই পেসারের কাছ দিয়ে যাবার সময় তিনি অ্যান্ডারসনের উদ্দেশ্যে বাজে ইঙ্গিতও প্রদর্শন করেন। এক পর্যায়ে দু’জনকেই শান্ত থাকার জন্য আম্পায়ারকে ভূমিকা নিতে হয়েছে। আন্তর্জাতিক কোড ও কন্ডাক্ট ভঙ্গ করে এই গালিগালাজ করা এবং অঙ্গভঙ্গিকে অপরাধমূলক এবং প্রতিপক্ষকে অপমান করাকে অপরাধ হিসেবে গণ্য করেছে আইসিসি। আনুষ্ঠানিক শুনানিকে পাশ কাটানোর জন্য ক্লার্ক আইসিসির ওই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। তবে এই ঘটনাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খুবই স্বাভাবিক একটি আচরণ বলে উল্লে¬খ করেছেন ক্লার্ক। তিনি বলেন, ‘আমার মনে হয় এটি ঘটার কারণ হচ্ছে উভয় দল যে কোনভাবেই জয় পেতে চায়। তবে এর একটি সীমা রেখা রয়েছে। যাকে আমি সম্মান জানাই। কোন দলেরই ওই সীমারেখা অতিক্রম করা উচিত নয়।’ বাসস