বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন ও মহাসচিব নোমানুজ্জামান আল-আজাদ নবগঠিত পে এন্ড সার্ভিসেস কমিশনে তাদের প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, স্থায়ী পে এন্ড সার্ভিস কমিশন নিম্নআয়ের কর্মচারী সংগঠনের দীর্ঘদিনের প্রাণের দাবি হলেও সরকার কৃষিবিদ, চিকিত্সক, প্রকৌশলী, ব্যাংকার, হিসাব রক্ষণ, শিক্ষা, প্রশাসনসহ বিভিন্ন ঊর্ধ্বতন ক্যাডার কর্মকর্তাদের প্রতিনিধির সমন্বয়ে কমিশন গঠন করেছে।
নেতৃদ্বয় বলেন, কমিশনে দেশের বৃহত্তর কর্মচারী শ্রেণির প্রতিনিধি না রাখা সুবিধা-বঞ্চিত কর্মচারীদের ন্যায়সঙ্গত প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রাখার অপপ্রয়াস মাত্র। এতে নিম্ন আয়ের কর্মচারীদের প্রশাসনিক ও আর্থিক বৈষম্য নিরসন হবে না। তারা অবিলম্বে কমিশনে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবি জানান। অন্যথায় অধিকার বঞ্চিত কর্মচারীদের পক্ষে আন্দোলনের কর্মসূচি ঘোষণা ছাড়া বিকল্প থাকবে না। -প্রেস বিজ্ঞপ্তি
