পরিবেশ অধিদপ্তর ২টি ডাইং কারখানায় দূষণবিরোধী অভিযান চালিয়ে ৪২ লাখ টাকা জরিমানা করেছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর এই অভিযানের নেতৃত্ব দেন।
গাজীপুরে অবস্থিত ২টি প্রতিষ্ঠানের মালিক, প্রতিনিধিকে রবিবার পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকায় তলব করে এই দণ্ড দেয়া হয়। শুনানি গ্রহণান্তে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য এ জরিমানা করা হয়।
জানা যায়, প্রতিষ্ঠানসমূহের মধ্যে ত্রুটিপূর্ণ ইটিপি পরিচালনার মাধ্যমে তুরাগ নদী দূষণের দায়ে গাজীপুর জেলার কালিয়াকৈর শফিপুর এলাকায় অবস্থিত কারুনী নিট কম্পোজিট লিঃ-কে ৪০ লাখ টাকা এবং পরিবেশগত ছাড়পত্র নবায়ন এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ছাড়াই কারখানা পরিচালনার দায়ে হামজা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিঃ-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
কারুনী নিট কম্পোজিট লিঃ হতে সংগৃহীত তরল বর্জ্যের নমুনা পরিবেশ অধিদপ্তরের ঢাকা গবেষণাগারে বিশ্লেষণ করে দেখা যায়, কারখানাটি হতে সৃষ্ট তরল বর্জ্য যা পরিবেশ অধিদপ্তর নির্ধারিত মানমাত্রার বাইরে। আর হামজা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর উত্পাদিত সোডিয়াম সিলিকেট যা কার্টনে ব্যবহারের জন্য গাম তৈরিতে ব্যবহূত হয়, তা যথাযথভাবে পরিশোধন ছাড়াই বাইরে ফেলে দেয়ার অভিযোগ প্রমাণিত হয়।
পরিবেশ অধিদপ্তরের অদ্যকার শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক, প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।
