রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময়ে কেন দাখিল করা হচ্ছে না তা জানতে চেয়ে তদন্ত কর্মকর্তাকে শোকজ করেছেন আদালত।
এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ করকে আগামী ২৪ ডিসেম্বর এর কারণ লিখিতভাবে জানাতে বলা হয়েছে। রবিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম এ আদেশ দেন।
মামলার তদন্তে প্রতিবেদন রাষ্ট্রপক্ষ দাখিলে বারবার সময় ক্ষেপণ করছেন কেন তা জানতে চাইলে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল জানান, শিল্প দুর্ঘটনায় বিশ্বের সবচেয়ে বড় রেকর্ড সংখ্যক প্রাণহানির এ মামলার সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রতিবেদন দাখিল করতে কিছুটা সময় লাগছে। তবে শীঘ্রই এ প্রতিবেদন দাখিল করা হবে বলে আশা প্রকাশ করেন।
এদিকে এ মামলায় গ্রেফতার হওয়া ২১ আসামির মধ্যে রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানার বাবা আবদুল খালেক ওরফে খালেক কুলুসহ ৮ জন জামিন পেয়েছেন। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করেছেন।
গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। ওই ঘটনায় ১ হাজার ১৩৪ জন নিহত ও আহত হয় প্রায় ২ হাজার।
