লাহোর টেস্ট, ২০০৯। ক্রিকেটীয় কোন ঘটনা নয়, শুরুতেই মনে পড়বে মাঠের বাইরের ঘটনা। ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে জঘন্য অধ্যায় গুলোর একটি। শ্রীলঙ্কার বাসে বোমা হামলার ঘটনার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক অর্থে নির্বাসিত হয়ে রয়েছে পাকিস্তানের ক্রিকেট স্টেডিয়াম গুলো।
সেই টেস্টেই অভিষেক হয়েছিল এক পেসারের। মাত্র এক উইকেট নিয়ে সেবার অবশ্য নিজের প্রতিভার প্রতি সদ্ব্যবহার করতে পারেননি মোহাম্মদ তালহা। এরপর দীর্ঘ পাঁচ বছরের বিরতি। ফিরলেন সেই শ্রীলঙ্কার বিপক্ষেই। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে পেলেন ছয় উইকেট।
তাতেই এশিয়া কাপে দলে জায়গা নিশ্চিত হয়ে গেল। প্রথম দুই ম্যাচে সুযোগ পেলেন না। শেষটায় চিরপ্রতিদ্বন্দী ভারতের বিপক্ষে ম্যাচে গতকাল আনোয়ার আলীর জায়গায় খেলতে নেমে গেলেন। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রঙিন জার্সি গায়ে পাকিস্তানের হয়ে অভিষেক ঘটালেন ২৫ বছর বয়সী তালহা।
আর ওয়ানডে ক্রিকেটের শুরুটা টেস্টেও মতো মন্দ হল না। দুটি গুরুত্বপূর্ন উইকেট পেয়েছেন। সাজঘওে ফিরিয়েছেন বিপজ্জনক হয়ে ওঠা রহিত শর্মা ও আজিঙ্কা রাহানেকে।
বলা হয়ে থাকে পাকিস্তানি বোলারদের মধ্যে এখন সবচেয়ে দ্রুতগতিতে বল করেন তালহা। ক্রিকেটার হয়ে ওঠার শুরুটা হয়েছে বালক বয়স থেকেই। বড় ভাইয়ের দেখাদেখি গলির ক্রিকেটে টেপ টেনিস বলে গতির ঝড় তোলা পর্যন্তই ছিল তার দৌড়। ব্রেট লি, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসদের আদর্শ মানতেন তখনই। দেখতে দেখতে একসময় বয়সভিত্তিক ক্রিকেট খেলতে থাকেন। ছোট থাকতেই সইতে হয় ইনজুরির ধকল। পরে কোচ আকিব জাভেদের পরামর্শে পরিবর্তন আনেন অ্যাকশনে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সাবেক এই পাকিস্তানি পেসারের তত্ত্বাবধানেই তিলে তিলে বেড়ে ওঠেন তালহা।
বয়সভিত্তিক দলগুলোর হয়ে দারুন পারফরম্যান্স তালহাকে ঘরোয়া প্রথম শ্রেনির ম্যাচ খেলার সুযোগ কর দেয়। ২০০৮-০৯ মৌসুমে কায়েদে আজম ট্রফিতে অভিষেক হয় প্রথম শ্রেনির ক্রিকেটে। সেবারই পাকিস্তান কাস্টমসের বিপক্ষে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের হয়ে এক ম্যাচে ১০ উইকেট পাওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তালহাকে। ২০০৯ সালে পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলে ফেলেন টেস্ট। কায়েদে আজম ট্রফিতে সেবার আরেক সম্ভাবনাময় পেসারের অভিষেক হয়। সেই পেসার - মোহাম্মদ আমির এখন স্পট ফিক্সিংয়ের দায় নিয়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন। তারই সমসাময়িক তালহা ইতিবাচক ভাবেই উঠে এলেন শিরোনামে!
