আজই ফাইনালের টিকেট চায় লঙ্কা

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২১:৪২
বাংলাদেশে আজ নিয়ে দলটি আছে প্রায় দেড় মাস হল। হারেনি একটি ম্যাচও। সেই অপরাজিত থাকার রেকর্ডই ধরে রাখতে চায় শ্রীলঙ্কা। আর আজ মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করতে চায় অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। অন্যদিকে আফগানিস্তান চায় আরও একটি অঘটন ঘটিয়ে নিজেদের উত্সবের ধারাটা ধরে রাখতে। এই চাওয়া নিয়েই আজ দুপুর ২টা থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা হারিয়েছে শক্তিশালী পাকিস্তান ও ভারতকে। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা দলটি এবার আফগানিস্তানের বিপক্ষেও জয় চায়। ম্যাচের আগেরদিন গতকাল রবিবার সংবাদ সম্মেলনে এসে দলের ওপেনার লাহিরু থিরিমান্নে বলেন, ‘আমরা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। মোমেন্টাম হারাতে চাই না। তাই জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। মোমেন্টামটা ধরে রেখেই ফাইনাল খেলতে চাই।’ আফগানিস্তানের বিপক্ষে কোন দলের জয়টা যে সহজ না সেটা প্রথম দুই ম্যাচে নবীন দলটির পারফরম্যান্স থেকেই স্পষ্ট। পাকিস্তানের বিপক্ষে লড়াই করার পর গত শনিবার তারা হারিয়েছে স্বাগতিক বাংলাদেশকে। মাত্র ২৯টি আন্তর্জাতিক ওয়ানডের অভিজ্ঞতাসম্পন্ন আফগানদের বিপক্ষে তাই সতর্ক শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা থিরিমান্নে বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা আমরা দেখেছি। আফগানিস্তান দুর্দান্ত খেলেছে। আমরা ওদেরকে মোটেও হালকাভাবে নিচ্ছি না।’ মাত্র চতুর্থবারের মতো কোন টেস্ট দলের বিপক্ষে ওয়ানডে খেলতে নেমেই জয়। আফগানরা এখন তাই শ্রীলঙ্কার মতো দলেরও সমীহ আদায় করে নিয়েছে। দলটাকে হারানো সহজ হবে না বলেই মানছেন থিরিমান্নে, ‘ওরা খানিকটা অনভিজ্ঞ, এখনও খুব বেশি ওয়ানডে খেলেনি। তবে ওদের বোলিং আক্রমণ খুব শক্তিশালী। বৈচিত্র্য আছে অনেক। ব্যাটিংয়েও বেশ বিপজ্জনক। মাঠে ওদের মানসিকতাও বেশ আক্রমণাত্মক। ওদেরকে হারানো সহজ হবে না। ’ আফগানদের হালকাভাবে না নিলেও নিজেদের প্রস্তুতি ও পারফরম্যান্সের উপর ভরসা রাখছেন থিরিমান্নে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস জানিয়ে তিনি বলেন, ‘আমরা পাকিস্তান ও ভারতের বিপক্ষে ভালো করেছি। জয়ের জন্য আত্মবিশ্বাস এখন দারুণ। তবে আবারও বলছি, অতি আত্মবিশ্বাসী হয়ে আফগানদের হালকাভাবে নিচ্ছি না।’ নিয়মিত ওপেনার তিলকারত্নে দিলশান থাকলে হয়তো দলেই জায়গা হত না। সেই থিরিমান্নেই পাকিস্তানের বিপক্ষে করেছেন ম্যাচ জেতানো এক সেঞ্চুরি। নিজের ব্যাটিং প্রসঙ্গে তিনি বলেন, ‘দিলশান যেহেতু নেই, তাই ওপেন করছি। আমি চেষ্টা করেছি স্রেফ সোজা ব্যাটে খেলতে, লম্বা সময় ব্যাটিং করে যেতে। আরেক পাশে কুশল পেরেরা আছে, ও আমার কাজটা সহজ করে দেয়।’