দুই বীরত্বপূর্ণ ড্র এবং ঢাকার জয়

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২১:৪২
আগের দিনটা ছিল রাজশাহীর মুক্তার ও দেলোয়ারের বীরত্বের দিন। গতকালও এই দুই বোলার তাদের ব্যাটিং দাপট দেখালেন। শেষ পর্যন্ত দু’জনই অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেও দলকে এনে দিয়েছেন একদিন আগে অসম্ভব মনে হতে থাকা এক ড্র। অবশ্য শেষ দিনে সবচেয়ে অসম্ভব ড্রটা রংপুরের বিপক্ষে এনে দিয়েছেন চট্টগ্রামের আব্দুল্লাহ আল মামুন। আর এই দু’ ড্রয়ের দিনে ঢাকা মেট্রোর বিপক্ষে ৪৬ রানের নাটকীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা বিভাগ। ঢাকা বিভাগকে গতকাল নাটকীয় এই জয় এনে দিয়েছেন মূলত বোলাররা। প্রথম ইনিংসে দু’দলেরই ব্যাটসম্যানরা দাপট দেখিয়েছেন। ঢাকার ৩৯৮ রানের জবাবে ঢাকা মেট্রো করেছিল ৪০১ রান। কিন্তু গতকাল শেষ দিনে ঢাকা বিভাগ মাত্র ১৯২ রানে অলআউট হয়ে যায় দ্বিতীয় ইনিংসে। ফলে ঢাকা মেট্রোর সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৮৯ রান। এই রানকেই বিশাল বানিয়ে দিলেন ঢাকা বিভাগের বোলাররা। মেট্রোকে অসহায় বানিয়ে ১৪৩ রানে অলআউট করে দিলেন তারা; ফলে এলো ৪৬ রানের জয়। খুলনার বিপক্ষে রাজশাহী যে ম্যাচ ড্র করে ফেলতে যাচ্ছে, সেটা মুক্তার আলী ও দেলোয়ার হোসেনের শেষ জুটি। আগের দিনই ফিফটি করে ফেলা এই দুই বোলার গতকাল আউট হওয়ার আগ পর্যন্ত শেষ দুটিতে ১৬৫ রান যোগ করে ফেলেন। একটা সময় দু’জনই সেঞ্চুরি দেখতে পাচ্ছিলেন। কিন্তু ৯৬ রানে মুক্তার আউট হওয়ায় দু’জনেরই স্বপ্ন শেষ হয়ে যায়। অন্য প্রান্তে দেলোয়ার ৮৬ রানে অপরাজিত থাকেন। এই জুটির কল্যাণে ১৬২ রানে ৯ উইকেট হারানো রাজশাহী ইনিংস শেষ করে ৩২৭ রানে। এরপর নিয়ম রক্ষায় পরিণত হওয়া ম্যাচের বাকি ৩২ ওভারে ৩ উইকেটে ১১৩ রান তোলে খুলনা। চট্টগ্রামের বিপক্ষে রংপুরের ম্যাচটা মোটেও এমন নিশ্চিত ছিল না। প্রথম ইনিংসে ৬০ রানের লিড হাতে থাকা রংপুর গতকাল তারিকের অপরাজিত সেঞ্চুরি ও সায়মনের ৮৪ রানে ৩ উইকেটে ২৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাব দিতে নেমে ধসেই পড়েছিল চট্টগ্রাম। ৭৯ রানে হারিয়ে ফেলেছিল তারা ৪ উইকেট। কিন্তু এরপরই জসীমউদ্দিনকে নিয়ে আব্দুল্লাহ আল মামুনের অসাধারণ প্রতিরোধের শুরু। এই দু’জন পঞ্চম উইকেটে ৯১ রান যোগ করে ম্যাচ বাঁচিয়ে দেন চট্টগ্রামকে। মামুন ১০২ রানের ইনিংস খেলে আউট হন। ঢাকা-ঢাকা মেট্রো ঢাকা ১ম ইনিংস: ৯৪.১ ওভারে ৩৯৮/১০ এবং ২য় ইনিংস: ৫৭.২ ওভারে ১৯২/১০ (নূরুল ৭৪*; শরীফ ৪/২২, সোহাগ রেজা ৩/৪০) ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৮২.১ ওভারে ৪০১/১০ এবং ২য় ইনিংস: ৩৬.৫ ওভারে ১৪৩/১০ (মেহরাব ৩৯*; শাহাদাত ৩/৫৩) ফল: ঢাকা বিভাগ ৪৬ রানে জয়ী ম্যান অব দ্য ম্যাচ: আব্দুল মজিদ খুলনা-রাজশাহী খুলনা ১ম ইনিংস: ৯১.৪ ওভারে ২৭৪/১০ এবং ২য় ইনিংস: ৩২ ওভারে ১১৩/৩ (অমিত ৪৮; মুক্তার ২/৩৬) রাজশাহী ১ম ইনিংস: ৭৮.৩ ওভারে ৩২৭/১০ (মুক্তার ৯৬, দেলোয়ার ৮২; রবিউল ৩/৬৮) ফল: ম্যাচ ড্র ম্যান অব দ্য ম্যাচ: মুক্তার আলী চট্টগ্রাম-রংপুর রংপুর ১ম ইনিংস: ১২৩ ওভারে ২৪৯/১০ এবং ২য় ইনিংস: ৯১ ওভারে ২৩৪/৩ ডিক্লে. (তারিক ১০০*, সায়মন ৮৪) চট্টগ্রাম ১ম ইনিংস: ৮০.৩ ওভারে ১৮৯/১০ এবং ২য় ইনিংস: ৫৯ ওভারে ১৮৮/৫ (মামুন ১০২, জসীমউদ্দিন ৪০*; সোহরাওয়ার্দী শুভ ৪/৬৩) ফল: ম্যাচ ড্র ম্যান অব দ্য ম্যাচ: তারিক আহমেদ