কোহলির ব্যতিক্রমি শতক

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২১:৪৩
অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ৪৮ রানের অবদান রাখলেও চলমান এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার শ্রীলংকার কাছে পরাজিত হয়েছে ভারত। তবে এ ম্যাচেই ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে একনাগাড়ে একশ’ ওয়ানডে খেলার রেকর্ড গড়েছেন কোহলি। এ রেকর্ডের ক্ষেত্রে তার চেয়ে এগিয়ে আছেন কেবল লিটল মাস্টার শচিন টেন্ডুলকার ও মোহাম্মদ আজহার উদ্দিন। ২০১০ সালের ২৫ আগস্ট শ্রীলংকা সফরে যাত্রা শুরু করেছিলেন কোহলি। কাকতালীয়ভাবে তার ১০০তম ম্যাচও পূর্ণ হলো লঙ্কানদের বিপক্ষেই। এই গৌরবময় যাত্রায় ১০০ ম্যাচে ৫৫.৪৫ গড়ে ১৭ সেঞ্চুরি ও ২২ হাফ সেঞ্চুরিসহ কোহলির মোট রান ৪,৫৪৭। ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একনাগাড়ে কোহলির চেয়ে বেশি ১৮৫ ওয়ানডে খেলেছেন টেন্ডুলকার। ১৯৯০ সালের ২৫ এপ্রিল থেকে ১৯৯৮ সালের ২৫ এপ্রিল আট বছরে এই ম্যাচগুলো খেলেছেন টেন্ডুলকার। আর আজহার উদ্দিন একনাগাড়ে খেলেছেন ১২৬ ওয়ানডে। ম্যাচ সংখ্যা এবং কোহলির ফর্ম বিবেচনায় কিছুদিন আগে ভারতীয় ব্যাটিং কিংবদন্তী সুনীল গাভাস্কার বলেছিলেন, টেন্ডুলকারের শতক কিংবা রানের রেকর্ড যদি কেউ ভাঙ্গতে পারেন, তবে সেটা বিরাট কোহলি। বাসস/ এএফপি।