কালীগঞ্জে তফসিল ঘোষণা হয়নি তবুও ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২১:৫৪
কালীগঞ্জে এখনো উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও পিছিয়ে নেই এলাকার সম্ভাব্য প্রার্থীরা। তারা বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও উপজেলা নির্বাচনে অংশগ্রহণের ঘোষণায় পুরো উপজেলা নির্বাচন প্রাণ ফিরে পেয়েছে। তাই উপজেলা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও বিএনপি’র নেতা-কর্মীরা। তবে প্রধান দুই দল থেকে একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও শেষ পর্যন্ত দলের হাইকমান্ড যাকে মনোনীত করবে তার পক্ষেই কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন কালীগঞ্জের তৃণমূল নেতা-কর্মীরা। সম্ভাব্য প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ থেকে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন স্বপন, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে উপজেলা চেয়ারম্যান পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি মো. মনির হোসেন, থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, যুগ্ম সম্পাদক খালেকুজ্জামান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, মোক্তারপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফজলুল হক নয়ন ও স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালামের নাম শোনা যাচ্ছে। আর ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু বকর চৌধুরী, সদস্য কামাল উদ্দিন দেওয়ান, ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মো. ফারুক ভুঁইয়া, কালীগঞ্জ থানা জাসাসের সাবেক সভাপতি সাখাওয়াত্ হোসেন সবুজ, জামালপুর কলেজের সাবেক ভিপি বিএনপি নেতা মো. শরীফ হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা রহমান লাভলী, শর্মিলী দাস মিলি, বিএনপি থানা মহিলা দলের সভাপতি লুত্ফুর নাহার লতার নাম শোনা যাচ্ছে। তবে সম্ভাব্য এসব প্রার্থীরা কালীগঞ্জ উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী অংশগ্রহণ করার কথা নিশ্চিত করেছেন। আর উপজেলার তফসিল ঘোষণা এখনো পর্যন্ত না হলেও বিভিন্ন পদে প্রার্থীরা তাদের সমর্থন আদায়ের লক্ষ্যে মাঠে নেমে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।