আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বরগুনার ৫টি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। অপরদিকে শনিবার পর্যন্ত বিএনপি দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে মাত্র তিনটি উপজেলায়। রবিবার তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
বরগুনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবীর জানান, বরগুনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা, ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ্ মোহাম্মদ ওয়ালিউল্লাহ অলি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদা ইসলাম সুইটিকে প্রার্থী হিসেবে দলীয় সমর্থন দেয়া হয়েছে।
আমতলী থেকে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিএম দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগ সভাপতি মো. মজিবুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার জোসনা ; পাথরঘাটা থেকে চেয়ারম্যান পদে যুবলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন মোল্লা, ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা মো. জামাল উদ্দিন পঞ্চায়েত, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামী লীগ সদস্য পারভীন বেগম; বামনা থেকে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, ভাইস চেয়ারম্যান পদে যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাব্বির ফেরদৌস এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজমুন নাহার নাজু; বেতাগী থেকে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান এবিএম গোলাম কবীর, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম পিন্টু এবং ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামী লীগ নেত্রী বেবী রাজ্জাককে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
অপরদিকে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বরগুনা সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রেজবুল কবীর, ভাইস চেয়ারম্যান পদে সহ-সাংগঠনিক সম্পাদক মো. তারিকুজ্জামান টিটু, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন সুলতানা আসমা; পাথরঘাটা থেকে চেয়ারম্যান পদে বিএনপি নেতা হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে মহিউদ্দিন পান্না এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মরিয়ম চৌধুরী জেবু এবং বেতাগী উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবীরকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
