পঞ্চগড়ে ধরাশায়ী পাঁচ চেয়ারম্যান

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২১:৫৫
উপজেলা নির্বাচনের দু’ধাপে পঞ্চগড় জেলার ৫ উপজেলা নির্বাচন শেষ হয়েছে। এই নির্বাচনে অংশ নিয়ে বর্তমান ৫ চেয়ারম্যান ধরাশায়ী হয়েছেন। প্রথম ধাপের নির্বাচনে পঞ্চগড় সদরে বর্তমান চেয়ারম্যান জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা আব্দুল খালেক ৪ প্রার্থীর মধ্যে ৩য় অবস্থানে রয়েছেন। এখানে বিএনপি সমর্থিত প্রার্থী আবু দাউদ প্রধানকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট। আটোয়ারী উপজেলায় বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তৌহিদুল ইসলামকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুর রহমান আবদার। বোদা উপজেলায় নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনের মাত্র একদিন আগে নির্বাচন থেকে সরে গেছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল আজিজ। এ উপজেলায় অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী সফিউল্লাহ সুফি। আর দেবীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেক চিশতী ৫ প্রার্থীর মধ্যে ৪র্থ অবস্থান নিশ্চিত করে তার জামানত পর্যন্ত হারিয়েছেন। এ উপজেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল গনি বসুনিয়াকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসনাত জামান চৌধুরী জর্জ। ২য় ধাপের নির্বাচনে তেঁতুলিয়া উপজেলায় এবার বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান মুক্তারুল হক মুকু। বিএনপি সমর্থিত প্রার্থী রেজাউল করিম শাহিন ৭ হাজার ৮৫৬ ভোটের ব্যবধানে মুকুকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।