যশোরের কেশবপুর পৌর এলাকার মধ্যকুলে বাংলার ঐতিহ্য ঢেঁকি উত্সব অনুষ্ঠিত হয়েছে। শত শত গৃহবধূর উপস্থিতিতে অভিনব অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর কাউন্সিলর আয়ুব আলী খান। আবহমানকাল থেকে গ্রাম-বাংলায় বিলুপ্তপ্রায় ঢেঁকির ব্যবহার চলে আসছে। বর্তমান আধুনিকতার ছোঁয়ায় ঢেঁকির ব্যবহার তেমন নেই বললেই চলে। তবে ঢেঁকিতে মাড়াই করা (কোটা) চালের গুঁড়া উত্কৃষ্টমানের।
এই গুঁড়া দিয়ে চিতই, ভাপা, পাকান, দুধ-খেজুরের পিঠাসহ হরেক রকমের সুস্বাদু পিঠা তৈরি করা যায়। এজন্য গ্রামীণ বধূর কাছে এখনও ঢেঁকির চাহিদা রয়েছে। রবিবার বিকালে মধ্যকুল গ্রামের সালেহা বেগমের বাড়িতে ঢেঁকিতে চাল কোটার উত্সবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ঢেঁকি উত্সবের উদ্বোধন করেন কাউন্সিলর আয়ুব হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর, রেখা রানী দেবনাথ, পারভীনা বেগম প্রমুখ।
