লোহাগড়ার নিখোঁজ শিশু আট মাস ধরে ভারতের সেভ হোমে

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২১:৫৮
নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামের মিন্টু গাজীর ছেলে শিশু শামীম (১১) আট মাস ধরে ভারতের মুম্বাইয়ে সরকারি শিশু আশ্রয় কেন্দ্রে রয়েছে। ভারতীয় পুলিশ তাকে মুম্বাই রেলস্টেশন থেকে গত বছর ২১ জুন উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। তাকে ফিরে পাওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেছে। গত বছর জুন মাসে মিন্টু গাজী তার স্ত্রী তিন সন্তান নিয়ে কাজের সন্ধানে ভারতের মুম্বাই শহরে যান। আশ্রয় নেন শহরের নিরুল এলাকার বস্তিতে। কয়েকদিন পর মিন্টু অসুস্থ হওয়ায় বড় ছেলে শামীম পরিবারের খাবার জোগাড় করতে বের হয়। এরপর আর ফিরে আসেনি। গত এক মাস আগে একটি এনজিও’র মাধ্যমে তার খোঁজ পাওয়া যায়। মিন্টু ও তার পরিবার এখনো ভারতে রয়েছে। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান বলেন, খোঁজ নিয়ে শিশু শামীমের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। তবে তাকে উদ্ধারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী ও শিশু পাচার সেলে যোগাযোগ করা হয়েছে। শুক্রবার ইতনা গ্রামে গেলে শামীমের দাদি ভানু বেগম বলেন, নিজেদের কোনো জমিজমা নেই। তবে ভালো খাওয়া-পরার জন্য মিন্টু তার ছেলে-মেয়ে নিয়ে মুম্বাই চলে যায়।