হোয়াইট হাউস ছাড়ার পর কীভাবে সময় কাটান আমেরিকার প্রেসিডেন্টরা? কেউ ফিরে যান নিজের ব্যবসার জগতে, কেউ বা জড়িয়ে পড়েন জনকল্যাণমূলক কাজে। কিন্তু নজির গড়েছেন ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তাঁর আগ্রহের বিষয় রং আর তুলি। এপ্রিল মাসের শুরুতেই ডালাসে প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে বুশের ২৪টি ছবির প্রদর্শনী শুরু হবে। প্রদর্শনীর শীর্ষনাম রাখা হয়েছে, ‘নেতৃত্বের কলাকৌশল: এক প্রেসিডেন্টের ব্যক্তিগত কূটনীতি’। এই ছবিগুলো আগে কোথাও প্রদর্শিত হয়নি। লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘প্রদর্শনীতে ছবি ছাড়াও থাকবে শিল্পকর্ম, ফটো এবং প্রাক্তন প্রেসিডেন্ট বুশের ব্যক্তিগত চিন্তা-ভাবনার কিছু নমুনা যার সাহায্যে কিছু আন্তর্জাতিক সম্পর্কও তৈরি হয়েছে।’ এর আগে বুশের আঁকা কুকুর, বিড়াল, এমন কী জে লেনোর প্রতিকৃতিও দেখা গেছে। গত বছরই বুশের আঁঁকা বাথটাব ও শাওয়ারে দুটি আত্মপ্রতিকৃতি গুচিফার নামে এক হ্যাকার ইন্টারনেটে ফাঁস করে দেয়।
বুশের শিল্পকর্ম সম্পর্কে কলা সমালোচকরা দ্বিধাবিভক্ত। গকার মিডিয়ার মতে বুশের ছবিগুলো একই সঙ্গে সরল এবং অদ্ভুত। নিউইয়র্ক পত্রিকা আবার বিখ্যাত স্টিল লাইফ শিল্পী সিমিওঁ শারদ্যাঁর কাজের নির্জনতা ও শান্ত ভাবের সঙ্গে বুশের কাজের সাদৃশ্য খুঁজে পেয়েছেন।
