দুবাইয়ে ফেদেরারের ষষ্ঠ শিরোপা

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২২:১৫
রজার ফেদেরার চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে পরাজিত করে দুবাই ওপেনের শিরোপা জিতেছেন । রেকর্ড ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ফেদেরারের জন্য যা কিনা এই টুর্নামেন্টে ষষ্ঠ শিরোপা। আর গুরুত্বের বিচারে গত ১৮ মাসে এটি ছিল ফেদেরারের সেরা জয় এবং নয় মাসে প্রথম শিরোপা। ফাইনালে ফেদেরার ৩-৬, ৬-৪, ৬-৩ গেমে বার্ডিচকে পরাজিত করে ষষ্ঠবারের মত এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছেন। গত বছর সেমিফাইনালে বার্ডিচের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিলেন ফেদেরার। তাই চাইলে ফেদেরার ভক্তরা কালকের জয়টিকে বিবেচনা করতে পারেন প্রতিশোধ হিসাবেও। এর আগে শুক্রবার সেমিফাইনালে বিশ্বের দুই নম্বর তারকা নোভাক জকোভিচের বিপক্ষে প্রথম সেটে পরাজিত হয়েও শেষ দুই সেট জিতে ফাইনাল নিশ্চিত করেছিলেন ফেড এক্স। গত রোববার রাতের ফাইনালটি সুখকর ছিল না দুজনের কারো জন্যই। দুজনেই ছিলেন নিজেদের সেরা ফর্মের অনেকটা পেছনে। দুজনের সহজাত খেলার বদলে চোখে পড়েছে প্রচুর ভুল। তবে ম্যাচের সময় যত গড়িয়েছে নাটকীয়তা ততই বেড়েছে। ফেদেরার এক সেট পিছিয়ে থাকার পরে দ্বিতীয় সেটেও নিজের সার্ভে পয়েন্ট হারিয়ে প্রায় হেরেই যাচ্ছিলেন। গত সেমিফাইনালের মতোই হঠাত্ করেই ঘুরে দাড়ান তিনি। শেষ পর্যন্ত এই ৩২ বছর বয়সীর অভিজ্ঞতার সঙ্গে পেরে ওঠেননি চেক তারকা বার্ডিচ। শেষ সেটটি অনেকটা সহজে জিতে নিয়ে নিজের করে নেন ক্যারিয়ারের ৭৭তম এটিপি শিরোপা। এর ফলে ফেদেরার জন ম্যাকেনরোকে ছাড়িয়ে সব ধরনের শিরোপা তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন। তার আগে শুধুমাত্র দুইজন খেলোয়াড় রয়েছেন- ইভান লেন্ডল এবং জিমি কর্নস। গত বছর জুনের পরে প্রথম শিরোপা হাতে পেয়ে উচ্ছসিত ফেদেরার ম্যাচ শেষে বলেছেন, ‘পরাজিত হবার থেকে জয়ী হবার মানসিকতা সাধারনত বিশ্বাস থেকেই আসে। আমি মনে করি এই বিশ্বাসটা এই মুহূর্তে আমার মধ্যে এসেছে। এই শিরোপাটা বার্ডিচ নিজের ঘরে প্রায় নিয়েই ফেলেছিল। এখানে অবশ্য আমি কিছুটা সৌভাগ্যবান ছিলাম। আমি ভাল লড়াই করেছি এবং শেষ পর্যন্ত শিরোপা জিততে পেরে দারুন খুশি।’বাসস/এএফপি