চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ সিরিজে এয়াইন মরগান ও অ্যালেক্স হেলসের বিকল্প হিসেবে ইংল্যান্ড দলে যুক্ত হলেন ওয়ারউইকশায়ার ব্যাটসম্যান ইয়ান বেল। শুক্রবার পরাজিত হওয়া প্রথম ওয়ানডে ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি মরগান ও হেলস। মরগান হাঁটু ও হেলস উরুর সমস্যায় ভুগছেন।
এ পর্যন্ত সাতটি টি-২০ ম্যাচ খেলা ৩০ বছর বয়সী বেল সর্বশেষ ২০১১ সালে জাতীয় দলের হয়ে খেলেছেন। দলটির সীমিত ওভারের কোচ অ্যাশলে জাইলস বলেন, ‘সে একজন বিশ্বমানের খেলোয়াড়—বিশ্বমানের ফিল্ডার। সুতরাং আমরা তাকে পাওয়ার অপেক্ষায় আছি। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ বার্বাডোজে ৯ মার্চ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ডের ১৫ সদস্য কিংবা প্রাথমিক দলে বেলের নাম ছিলো না। তবে আইসিসি’র অনুমতি পেলে তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হবে। জাইলস আরো বলেন, ‘২০ সদস্যের মূল দলে তার নাম ছিলো না। কিন্তু ওই দু’জন (মরগান ও হেলস) খেলোয়াড়ের সমস্যা হওয়ায় আমাদের তা পূরণ করা দরকার। তাছাড়া বাংলাদেশে যে কন্ডিশন মোকাবেলা করতে হবে— সেখানে ভিন্নধর্মী ভূমিকা পালনের ক্ষমতা বেলের রয়েছে।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড টি-২০ দল :স্টুয়ার্ট ব্রড (অধিনায়ক), ইয়োইন মরগান, মঈন আলি, রবি বোপারা, টিম ব্রেসনান, জস বাটলার, জেড ডার্নবাচ, এ্যালেঙ্ হেলস, ক্রিস জর্ডান, মাইকেল লাম্ব, স্টেফেন পেরি, জো রুট, বেন স্টোকস, জেমস ট্রেডওয়েল, লুক রাইট, ইয়ান বেল।
