চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তঃস্কুল ফুটবল শুরু

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২২:১৬
প্রতিশ্রুতিশীল ফুটবলার সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় গতকাল রবিবার নগরীর বাকলিয়া সিটি কর্পোরেশন স্টেডিয়ামে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় ছালেহ জহুর সিটি কর্পোরেশন স্কুল ৩-০ গোলে পূর্ব বাকলিয়া বালক বিদ্যালয়কে পরাজিত করে। টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী। বক্তব্য রাখেন কাউন্সিলর এমএ মালেক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কাউন্সিলর হাজী নুরুল হক, ইসরাইল বালি, মো. ইয়াছিন চৌধুরী আশু, হাজী বাবুল হক, জহর লাল হাজারী প্রমুখ। মেয়র মনজুর আলম বলেন, খেলাধুলায় ছাত্র-ছাত্রীদের পারদর্শী করে গড়ে তোলার লক্ষ্যেই বাকলিয়া স্টেডিয়াম প্রতিষ্ঠা করা হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় নগরীর চার সীমান্তে ৪টি স্টেডিয়াম গড়ে তোলা হবে।