কোচ হোসে মরিনহোর বিশ্বাস ইংলিশ প্রিমিয়ার লিগে তার দল এককভাবে শীর্ষে উঠে এলেও তা প্রতিদ্বন্দ্বিতার পুরো চিত্র নয়। তার দল শনিবার রাতে রেলিগেশনের শংকার মধ্যে থাকা ফুলহ্যামের মাঠে আন্দ্রে শুরলের হ্যাট্রিকে ৩-১ গোলে জিতে এখন সবার ওপরে আছে। অপরদিকে শিরোপা প্রত্যাশী আর্সেনাল ১-০ গোলে পরাজিত হয় স্টোক সিটির মাঠে।
চেলসি এ জয়ের পর আর্সেনাল ও লিভারপুলের চাইতে চার পয়েন্টে এগিয়ে থাকলো। লিভারপুলও এই রাতে নিজেদের মাঠে ৩-০ গোলে হারায় সাউদাম্পটনকে। তবে লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স জানিয়েছেন, তারা শিরোপার কথা ভাবছেন না।
ম্যানচেস্টার সিটি ছয় পয়েন্টে পিছিয়ে থাকলেও পেট্রো ডলারের দলটি দুটি ম্যাচ কম খেলেছে। মরিনহো তাই বলেন, ‘ম্যান সিটির সাথে প্রভেদটা আসল নয়। তারা যদি হাতে থাকা খেলা দুটি জিতে যায় তাহলে শীর্ষে চলে আসবে।’
সিটি গতকাল রবিবার রাতে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে ক্যাপিটাল ওয়ান কাপ ফাইনাল খেলার কারণে এ সপ্তাহে প্রিমিয়ার লিগে অংশ নেয়নি। কোচ ম্যানুয়েল পেলিগ্রিনির ম্যানচেস্টার সিটি ২৬ খেলা থেকে ৫৭ পয়েন্ট পেয়েছে। অপরদিকে মরিনহোর দলের অর্জন ২৮ খেলায় ৬৩ পয়েন্ট। তবে সিটির গোল ব্যবধান হলো ১২, যা কিনা পরবর্তী ১০ খেলায় কাটিয়ে ওঠা কঠিন।
আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার স্টোক সিটির কাছে তার দলের হারটিকে শিরোপা জয়ের সম্ভাবনার বিচারে ‘একটা বড় রকমের বিপর্যয়’ বলে মত দিয়েছেন। জনাথন ওয়াল্টার্সের শেষ দিককার পেনাল্টিতে পরাস্ত হওয়া গানার্সরা এখন শুধু চেলসিই নয়, লিভারপুলের পেছনে এসে দাঁড়ালো।
ওয়েঙ্গার তাই বলেন, ‘এটা শুধু কিছুমাত্র দুশ্চিন্তার বিষয় নয়। এভাবে কোন খেলা হারাটা বড় রকমের দুর্ভাবনা। শিরোপা জিততে হলে আপনাকে নৈপুণ্য দেখাতে হবে। ব্যাপারটা খুবই সহজ। কাজেই এটা বড় রকমের একটা বিপর্যয়।’
অথচ ২০০৪ সালের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ জয়ের জন্য আর্সেনাল গুরুত্বপূর্ণ একটা মাসে এসে দাঁড়িয়েছে এখন। কেননা এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগে এভার্টন ও বায়ার্ন মিউনিখের সাথে খেলা দুটির পর তাদের লিগের শীর্ষ তিন দল টটেনহ্যাম, চেলসি ও ম্যানচেস্টার সিটির সাথে দুই সপ্তাহের মধ্যে মুখোমুখি হতে হবে।
এদিকে লিভারপুল কোচ রজার্স জানান দিলেন তারা শিরোপা জয়ের কথা ভাবছেন না। যদিও শনিবারের খেলাটিতে লুই সুয়ারেজ, রাহিম স্টার্লিং ও স্টিভেন জেরার্ডের গোলে জয়ের পর দলটি পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসে।
রজার্স স্কাই স্পোর্টসকে বলেন, ‘সবাই যথার্থভাবেই চেলসি, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির কথা বলছে। আমাদের ব্যাপারটা হলো আমরা শুধু নিজেদের প্রতিই মনোনিবেশ করছি। আমরা স্রেফ উন্নতি করতে চাইছি। আমরা সবসময়েই মানসিক দিক দিয়ে জোরালো হচ্ছি। আর কেবল ১০টি খেলা বাকি। আমরা দেখবো সেসব আমাদের কোথায় নিয়ে দাঁড় করায়।’
সুয়ারেজ এদিন ইংলিশ প্রিমিয়ার লিগে তার শততম খেলায় অংশ নেন এবং প্রতিটি গোলেই ছিল তার অবদান। —সকারওয়ে/বিবিসি স্পোর্টস
