চিকেন পক্স:ছোঁয়াচে রোগ চিকিত্সা ও প্রতিকার

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২২:১৯
এখন চিকেন পক্স বা জলবসন্তের মৌসুম। চিকেন পক্স এক ধরনের ভাইরাস জনিত সমস্যা এবং চিকেন পক্স অত্যন্ত ছোঁয়াচে। সাধারণত শিশুরাই এই রোগে বেশি আক্রান্ত হয়। বড়রাও চিকেন পক্সে আক্রান্ত হন। সাধারণত আক্রান্ত হলে শরীরে ব্যথা, জ্বর, চুলকানি হতে পারে। আক্রান্ত ব্যক্তির সারা শরীরে দানা দানা বা র্যাশ উঠে এবং এই দানার মধ্যে পানি জমে থাকে। সাধারণত ভাইরাস থেকে সংক্রমিত চিকেন পক্সের কোন ধরনের চিকিত্সা নেই। তবে আক্রান্ত ব্যক্তি বা শিশুর রোগের লক্ষণ অনুযায়ী চিকিত্সা দিতে হবে। যেমন: জ্বর বা শরীরের তাপমাত্রা বাড়লে প্যারাসিটামল দিতে হবে। মনে রাখতে হবে চিকেন পক্স-এর দানাগুলো শুকাতে শুরু করলে বেশ চুলকাবে। এ সময় আক্রান্ত ব্যক্তিকে এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিতে হবে। এছাড়া অনেক সময় আক্রান্ত ব্যক্তির ত্বকের ইনফেকশন হতে পারে বা ইনফেকশনের ঝুঁকি থাকে। তখন উপযুক্ত এন্টিবায়োটিক সেবনের প্রয়োজন হয়। তবে কোন অবস্থায় আক্রান্ত স্থান নখ দিয়ে চুলকানো বা দানার পানি বা ইনফেকশন বের করে দেয়া যাবে না। এতে আক্রান্ত দানায় ক্ষত সৃষ্টি হতে পারে। তবে আশার কথা শিশুদের চিকেন পক্সের হাত থেকে রক্ষার জন্য চিকেন পক্সের টিকা পাওয়া যায়। টিকা দেয়া হলে বেশিরভাগ ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এছাড়া আর একটি বিষয় মনে রাখতে হবে চিকেন পক্সে আক্রান্ত হলে তাকে আলাদা ঘরে রাখা উচিত এবং অন্যরা যাতে সংস্পর্শে না আসে তা দেখতে হবে। চিকেন পক্স হলে সব ধরনের স্বাভাবিক খাবার দিতে হবে। তবে মাছ, মাংস, ডিমসহ প্রোটিন ডায়েট বেশি দেয়া উচিত। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ