বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি

প্রধানমন্ত্রীকে ইডেন কলেজ ছাত্রীদের স্মারকলিপি

আপডেট : ০২ মার্চ ২০১৪, ২২:২০
ইডেন কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারী ছাত্রীরা। গতকাল রবিবার মুক্তা বাড়ৈ এবং নুসরাত জাহান আঁখিসহ ছয়জন ছাত্রী ২৪ হাজারের অধিক শিক্ষার্থীর স্বাক্ষরসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি দিতে গিয়ে শাহবাগে পুলিশি বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। এ সময় শাহবাগ চত্বরে সমাবেশের আয়োজন করেন তারা। মুক্তা বাড়ৈ বলেন, ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে প্রধানমন্ত্রীকে ১০ দিনের সময় দেব। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। স্মারকলিপিতে বলা হয়, ইডেন কলেজকে সংকটের বেড়াজাল থেকে মুক্ত করে নতুন গতি সঞ্চার করার স্বার্থে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার দাবি উঠেছে। বিস্তৃত ক্যাম্পাস, বিভাগ বৈচিত্র্য এবং শিক্ষার্থী সংখ্যা সবকিছু বিচারে কলেজটি বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে। স্মারকলিপিতে আরো বলা হয়, প্রয়োজনীয় অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আয়োজন নিশ্চিত করে এই প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সম্ভব। এতে সীমিত সম্পদ ব্যবহার করেই মানসম্পন্ন শিক্ষা পাওয়া সম্ভব হবে।