স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনতে এর প্রবেশ মুখ এবং আশেপাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হবে। এ জাতীয় স্থাপনা সন্ত্রাসের আখড়া হিসাবে পরিচিত। এগুলো ঘিরে দালাল ও মাফিয়া চক্র গড়ে উঠেছে যারা হাসপাতালের পরিবেশ ও মান নষ্ট করতে ভূমিকা রাখে।
গতকাল রবিবার ঢাকায় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে জাতীয় নিউরোসায়েন্স সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী চিকিত্সকদেরকে নিজ নিজ কর্মস্থলে থেকে সেবা দেয়া নিশ্চিত করার জন্য পুনরায় আহ্বান জানিয়ে বলেন, থানা পর্যায়ে বদলীকৃত চিকিত্সকরা কোন অবস্থাতেই দুই বছর পূর্ণ না করে শহরে বদলির তদবির করতে পারবেন না। যারা পূর্ণ মেয়াদ পর্যন্ত কর্মস্থলে থাকবেন তাদেরকে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য গাড়ি বরাদ্দ এবং তৃণমূল পর্যায়ে অবস্থান করে চিকিত্সা সেবাদানকারী ডাক্তারদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থাও সরকার বিবেচনা করবে। তিনি প্রতি জেলায় নিউরো কনসালটেন্ট নিয়োগের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, জেলা হাসপাতালগুলোকে আরো সমৃদ্ধ করার পদক্ষেপ নেয়া হবে।
সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, সোসাইটির মহাসচিব ডা. ফিরোজ আহমেদ কোরাইশী প্রমুখ।
