দরপতনের বৃত্তে শেয়ারবাজার

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২০:১৫
গত পাঁচ কার্যদিবস ধরে শেয়ারবাজার দরপতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। গতকাল সোমবার দরপতন দিয়ে লেনদেন শুরু করে মাঝে সূচক বাড়ে। তবে শেষ পর্যন্ত সূচকের গতি নিম্নমুখী হয়ে যায়। সূচক কমার পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনও কমেছে। এদিকে গত এক মাসের বেশিরভাগ দিনই সূচক ছিল পতনের ধারায়। তবে এর আগের মাসের বেশিরভাগ দিনই সূচক ছিল ঊর্ধ্বমুখী ধারায়। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক কিছুটা কমে ১ হাজার ৭০২ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৪২ লাখ ৯৯ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ৬৮ কোটি ৯৭ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের। এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, এক পরিচালকের হাতে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকায় বরকতুল্লাহ ইলেকট্রো ডায়নামিককে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির জারিকৃত ২০১১ সালের ২২ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী তালিকাভুক্ত প্রত্যেক কোম্পানির পরিচালকদের নিজ প্রতিষ্ঠানের ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে। কিন্তু বরকতুল্লাহ ইলেকট্রো ডায়নামিকের এক পরিচালকের পোর্টফলিওতে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকায় কোম্পানিটিকে জরিমানা করা হয়েছে। ডিএসই’র ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটে ১৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুটি কোম্পানির ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে ওটিসিতে এক্সেল সু এবং ওয়াটা কেমিক্যালের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানি দুটির মোট ৮১ হাজার ৪৫০ টাকায় ২ হাজার ৮৫০টি শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে এক্সেল সু-এর ২ হাজার ২৫০টি শেয়ার ২৩ টাকা দরে ৫১ হাজার ৭৫০ টাকা এবং ওয়াটা কেমিক্যালের ৬০০টি শেয়ার সাড়ে ৪৯ টাকা দরে ২৯ হাজার ৭০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর এ সময়ে ৩৪টি কোম্পানির ৫ লাখ ৯০ হাজার ৩১২টি শেয়ার বিক্রির আদেশ দেয়া হয়েছে।