ফেব্রুয়ারিতেও রেমিট্যান্স কমেছে

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২০:১৫
চলতি বছরের জানুয়ারির পর ফেব্রুয়ারিতেও দেশে ১১৬ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। বছরের প্রথম মাসে এ পরিমাণ ছিল ১২৬ কোটি ডলার। সে হিসেবে আগের মাসের তুলনায় ১০ কোটি ডলারের রেমিট্যান্স কমেছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ২০১৩-১৪ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই- ফেব্রুয়ারি) ৯১৮ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ে ছিলো ৯৮৯ কোটি ১৬ লাখ ডলার। সে হিসেবে চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত রেমিট্যান্স কমেছে ৭০ কোটি ৫৬ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৬ কোটি ৭৫ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি ৩২ লাখ ডলার। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৬ কোটি ৯৩ লাখ ডলার। আর বিদেশি খাতের ৯টি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৩৮ লাখ ডলার।