‘বিদ্যুত্ ও গ্যাসের দাম বাড়ালে সরকারকে করুণ পরিণতি ভোগ করতে হবে’

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২১:৩৫
বিদ্যুতের দাম বাড়ানোর চেষ্টা করলে সরকারকে করুণ পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ার করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেছেন, প্রতিবছর রেন্টাল-কুইকের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি-বাসদ, গণফোরাম-নাগরিক ঐক্য ও বাসদের (কনভেনশন প্রস্তুতি কমিটি) পৃথক বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তারা এ কথা বলেন। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সরকার বিদ্যুত্ নিয়ে ভাঁওতাবাজি করছে। এ ভাঁওতাবাজি বন্ধ করে বিদ্যুতের দাম কীভাবে কমানো যায় সেই পদক্ষেপ নিন। বাসদ (খালেকুজ্জামান) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর চেষ্টা করলে সরকারকে করুণ পরিণতি ভোগ করতে হবে। সমাবেশে আরো বক্তব্য দেন- সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ জাফর আহমদ, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। একই সময় বক্তব্য রাখেন গণফোরাম-নাগরিক ঐক্যের সমাবেশের সভাপতি এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক, নাগরিক ঐক্যের নেতা ইফতেখার আহমেদ বাবু, শহীদুল্লাহ কায়সার প্রমুখ।