নারায়ণগঞ্জে মেঘনা নদীর তীরে ইউনিক প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের ‘সোনারগাঁও রিসোর্ট সিটি’ প্রকল্পের নামে ভরাট করা জমি পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নিজ খরচে এই আদেশ বাস্তবায়ন করে আগামী দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ রবিবার এই আদেশ দেন।
একইসঙ্গে প্রকল্পের মাটি ভরাটে স্থিতাবস্থা বজায় রাখতে এবং ওয়েবসাইট থেকে এই প্রকল্পের সকল বিজ্ঞাপন সরিয়ে ফেলার নির্দেশও দেয়া হয়েছে। এছাড়া সোনারগাঁও রিসোর্ট সিটির প্রকল্পের নামে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর, জৈনপুর, ছয়হিষা, চরভবানাথপুর, ভাটিবান্দা, রতনপুর মৌজায় অবৈধ ভরাট থেকে বিপুল পরিমাণ কৃষিভূমি, জলাভূমি ও নিম্ন ভূমি রক্ষায় এবং জমি ভরাটের ফলে গ্রামবাসীদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে কেন ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। এই প্রকল্পের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করে পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী এডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান।
