হলফনামায় উল্লেখিত সম্পদের পরিমাণ আগের চেয়ে অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সাবেক ও বর্তমান এমপি, মন্ত্রী এবং তাদের স্ত্রী-সন্তানসহ ৭ জনের সম্পদের বিবরণী দাখিলের জন্য নোটিস পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম, খায়রুল হুদা ও যতন কুমার রায় সম্পদ বিবরণীর এ নোটিস জারি করেন। নোটিসে আগামী সাত কার্যদিবসের মধ্যে যাবতীয় সম্পদের বিবরণী দাখিল করতে বলা হয়েছে।
এ ৭ জন হলেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, তার স্ত্রী ইলা হক, ছেলে জিয়াউল হক, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বর্তমান পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার, তার স্ত্রী প্রীতি হায়দার, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রী তহুরা হক।
দুদক সূত্র জানায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে ওই মন্ত্রী ও দুই এমপি এবং তাদের স্বজনদের সম্পদের হিসাবে অসঙ্গতি পাওয়ায় এ নোটিস জারি করা হয়েছে।
