বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানির জন্য আগামী ১০ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। সোমবার খন্দকার মাহবুব হোসেনের পক্ষে সময় চেয়ে করা এক আবেদনের পর বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন। সময় চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।
উল্লেখ্য, গত ১ অক্টোবর বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপিকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়ার পর এক সাংবাদিক সম্মেলনে দেয়া বক্তব্যের প্রেক্ষিতে খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে নোটিস জারি করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল হয়। ঐ সাংবাদিক সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন বলেন, এই বিচারটি একটি প্রহসনের বিচার, রাজনৈতিক প্রতিহিংসার বিচার। ইনশাল্লাহ জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় আসে, সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী, তাদের বিচার হবে এবং প্রতিহিংসার জন্য যাদের বিচার করা হয়েছে, কাল্পনিক গল্প দিয়ে যে মামলা তৈরি করা হয়েছে, অবশ্যই সেটা চলে যাবে। এ বক্তব্যের পর ৩ অক্টোবর তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়ার আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানির পর ৬ অক্টোবর নোটিস জারি করে ট্রাইব্যুনাল। গত ২০ নভেম্বর খন্দকার মাহবুব হোসেন আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে তার বক্তব্যের ব্যাখ্যা দেন।
