জাতীয় সংসদে ঢাকা শহরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদনহীন নকশায় নির্মিত ৪ হাজার ৯৭টি ভবনের তালিকা প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তালিকায় ভবনের মালিক এবং ইমারতের বিস্তারিত ঠিকানাও প্রকাশ করা হয়েছে। রবিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১১ আসনের আওয়ামী লীগ দলীয় সদস্য এ কে এম রহমতুল্লাহ্র এক প্রশ্নের জবাবে পূর্তমন্ত্রী এই তালিকা প্রকাশ করেন। প্রকাশিত হালনাগাদ তালিকায় দেখা যায়, রাজউকের অথরাইজড অফিসার-৩ এর কার্যালয়ে অনুমোদনের শর্তাবলী ভঙ্গ করে নকশার বিধি পরিবর্তনের মাধ্যমে নির্মাণাধীন ভবন রয়েছে ১ হাজার ৪১০টি। আর রাজউকের অথরাইজড অফিসার-৪ এর কার্যালয়ে এরকম নির্মিণাধীন ভবন রয়েছে ৫৯৫টি। এছাড়া রাজউকের অথরাইজড অফিসার- ১ এর কার্যালয়ে ১ হাজার ২২টি, মহাখালী জোনাল অফিসের অথরাইজড অফিসার-২ (বি) এর কার্যালয়ে ৫৬০টি এবং মহাখালী জোনাল অফিসের অথরাইজড অফিসার-২(এ) এর কার্যালয়ের আওতাধীন ৫১০টি অনুমোদনহীন নকশা বহির্ভূত ভবনের তালিকা রয়েছে। মন্ত্রী সংসদকে জানান, অনুমোদন বহির্ভূত স্থাপনা অপসারণ রাজউকের একটি রুটিন ওয়ার্ক, যা অব্যাহত রয়েছে।
