আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া সম্প্রতি রাজবাড়ীর জনসভায় আন্দোলনের যে হুমকি দিয়েছেন তা দেশ ও গণতন্ত্রের জন্য অশনি সঙ্কেত। আর টেলিভিশনে টকশো’র মাধ্যমে কথিত সুশীলসমাজ বিএনপিকে আন্দোলন করার জন্য উস্কে দিচ্ছে। এরা কেউই দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি চায় না।
সোমবার শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত প্রয়াত চলচ্চিত্র নির্মাতা আলমগীর কুমকুমের স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সম্প্রতি রাজবাড়ীতে বিএনপি নেত্রীর দেয়া বক্তব্যে বোঝা যাচ্ছে, তাঁরা আবারো হিংস হতে পারে এবং সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দিয়ে দেশে নাশকতা চালাতে পারে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন এফডিসির মহাপরিচালক পীযুষ বন্দ্যোপাধ্যায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইনামুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
