ভেনেজুয়েলায় বিক্ষোভ অব্যাহত

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২১:৪৩
উত্সবের মৌসুম সত্ত্বেও ভেনেজুেয়েলায় বিক্ষোভ অব্যাহত রেখেছে সরকার-বিরোধীরা। রাজধানী কারাকাসের রাস্তায় গতকাল সোমবার এক হাজারেরও বেশি বিক্ষোভকারী মিছিল করেছে। মিছিল শেষে তারা ক্যাল্লাও ও আলতামিরার সমৃদ্ধশালী এলাকার আশেপাশে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরই মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঐতিহ্যবাহী কার্নিভালের ছুটি এ সপ্তাহের শেষ পর্যন্ত বৃদ্ধি করেছেন এবং দেশবাসীর প্রতি বিশ্রাম ও শান্তি উদযাপনের আহবান জানিয়েছেন। অপরদিকে বিরোধী দলের নেতারা উত্সবের মৌসুম উপেক্ষা করার ডাক দিয়েছেন। তারা বিশিষ্ট রাজনীতিক লিওপোল্ডো লোপেজসহ গতমাসে আটক কয়েক ডজন বিক্ষোভকারী ও নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছেন। বিরোধীরা উচ্চ মূল্যস্ফীতি, অপরাধ বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঘাটতির জন্য মাদুরো এবং তার উত্তরসূরী হুগো শ্যাভেজের বামপন্থি নীতিকে দায়ী করছেন। তবে মাদুরো বলছেন, ডানপন্থি ক্যুর পরিকল্পনার একটি অংশ হিসেবে বিরোধীরা সহিংস বিক্ষোভকে উত্সাহিত করছে। ভেনেজুয়েলায় গত শনিবার নতুন করে সরকার-বিরোধী বিক্ষোভ শুরু হয়। এর আগে গতমাসে বিক্ষোভে কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে বিরোধীদলীয় আইনপ্রণেতা মারিয়া মাচাদো যোগ দেন। এ সময় তারা সরকারের নির্যাতন ও দমন -পীড়নের প্রতিবাদে প্রায় ৫০০ গাড়ি ও মোটর সাইকেলের বহর নিয়ে শহর প্রদক্ষিণ করে। একই দিন সরকার ৪১ জন বিক্ষোভকারীকে মুক্তি দেয়। এদিকে ভেনেজুয়েলার চলমান অস্থিরতা নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ মঙ্গলবার জেনেভায় জাতিসংঘ মহাসচিবের বৈঠক করার কথা রয়েছে।