পাকিস্তানে বোমা বিস্ফোরণে ২ সৈন্য নিহত

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২১:৪৭
আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের গোলযোগপূর্ণ উপজাতীয় অধ্যুষিত একটি অঞ্চলে গতকাল সোমবার বোমা বিস্ফোরণে আধা-সামরিক বাহিনীর কমপক্ষে দুই সৈন্য নিহত ও অপর ছয়জন আহত হয়েছে। সরকারি কর্মকর্তারা একথা জানান। খাইবার উপজাতীয় অঞ্চলের সাদোখেল এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তালেবান ও লস্কর-ই-ইসলাম জঙ্গি গ্রুপ এ অঞ্চলে সক্রিয় রয়েছে। স্থানীয় সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মাদ তৈয়ব আলী বলেন, আধা-সামরিক সীমান্তরক্ষী বাহিনীর (এফসি) দু’টি গাড়ি যাওয়ার সময় রাস্তায় পেতে রাখা এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে দুই সৈন্য নিহত ও অপর ছয়জন আহত হয়। তিনি জানান, বোমা বিস্ফোরণে দু’টি গাড়ির একটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় গোয়েন্দা কর্মকর্তা এ হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন। এ হামলার দায়িত্ব এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও সরকারের সাথে শান্তি আলোচনা পুনরায় শুরু করার লক্ষে পাকিস্তানি তালেবান মাসব্যাপী অস্ত্র বিরতির ঘোষণা দেয়ার মাত্র দু’দিন পর এ হামলার ঘটনা ঘটলো। উল্লেখ্য, ইসলামাবাদ ও তেহরিক-ই-তালেবান পাকিস্তানের মধ্যে শুরু হওয়া সংলাপ জঙ্গি হামলায় ২৩ সৈন্য নিহত হওয়ার পর গত মাসে স্থগিত হয়ে যায়।