চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুনমিং রেলস্টেশনে শনিবার রাতে বিচ্ছিন্নবাদী আক্রমণকারীদের ছুরির আঘাতে মারা যাওয়া ২৯ জনের স্মরণে রবিবার মোমবাতি প্রজ্জ্বলন করেছে সাধারণ মানুষ। শনিবার কুনমিংয়ের ঐ স্টেশনে আক্রমণকারীরা সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি ছুরি চালায়। এ ঘটনায় ঘটনাস্থলেই বেশ কয়েকজন মারা যায়। দেড় শতাধিক মানুষ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারীও রয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ চীনের জিনজিয়াং অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে, আক্রমণকারীদের দলে কমপক্ষে ১০ জন ছিল। সহিংসতার সময় পুলিশের গুলিতে চারজনই মারা যায়। আক্রমণকারী সন্দেহে এক নারীকে আটক করে তাকে চিকিত্সা দেয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানকার পরিস্থিতি এখন পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে। দোষিদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।
