সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২১:৫৬
সুনামগঞ্জে যুবলীগের একাংশের ঝাড়ু মিছিল সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জ যুবলীগের আহ্বায়কের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে যুবলীগের একাংশ। সোমবার পশ্চিবাজার থেকে বের করা ঝাড়ু মিছিল শহর প্রদিক্ষণ করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য মতিউর রহমান মতি, স্বেচ্ছাসেবকলীগ নেতা শুয়েব আহমদ, জেলা ছাত্রলীগ নেতা রফিক আহমদ, রাসেল আহমদ, মোশারফ হোসেন ইমন, শ্রমিকলীগ নেতা মুবিন আহমদ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জেলা যুবলীগের আহ্বায়ক সন্ত্রাসীদের দিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছেন। সমাবেশে ত্যাগী নেতাদের বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। উলিপুরে পিএসসিতে ১ম ফারহান সাদিক ও রাইসা হাসান রিমি উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের উলিপুরে পিএসসি পরীক্ষায় উপজেলায় মেধা তালিকায় ছেলেদের মধ্যে ১ম হয়েছে উলিপুর কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র ফারহান সাদিক ও মেয়েদের মধ্যে রাইসা হাসান রিমি। এ বছর পিএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৩১ জন ছেলে ও ৩১ জন মেয়েকে ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় ৯০ জন ছেলেমেয়েকে বৃত্তি প্রদান করা হয়। এ প্রতিষ্ঠান থেকে ৯ জন ছাত্র-ছাত্রী ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে। খাগালিয়া দরবার শরীফের ওরস আজ থেকে শুরু নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ নাসিরনগর উপজেলার খাগালিয়া দরবার শরীফের পীরে কামেল হযরত শাহসূফী মাওলানা শরিয়ত উল্লাহ মোল্লার(রঃ) ১০০ তম পবিত্র ওরস মোবারক আজ মঙ্গলবার শুরু হবে। বাদ ফজর গদ্দীনসীন পীরজাদা এনায়েত হোসেন মোল্লা আখেরী মোনাজাত পরিচালনা করবেন। ফুলবাড়িতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের চারা বিতরণ ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সেবা মাস উপলক্ষে গতকাল সোমবার দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী নবাবগঞ্জে শোভাযাত্রা, নারী সমাবেশসহ নারীদের মাঝে বৃক্ষচারা বিতরণ করা হয়েছে। উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত নারী সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আখেরুর রহমান। শেষে উপজেলার ৫০ জন দরিদ্র নারীর মাঝে বিভিন্ন দেশীয় প্রজাতির বৃক্ষচারা বিতরণ করা হয়। আজ সখীপুর দাড়িয়াপুর ইউপির ৬নং ওয়ার্ডের উপনির্বাচন সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ আজ মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৭নং দাড়িয়াপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আমির হোসেন পুলু (বৈদ্যুতিক পাখা), আফাজউদ্দীন (মোরগ), শহিদুর রহমান ভেন্ডার (টিউবওয়েল) ও মো. খুরছু মিয়া (ফুটবল)। উপজেলার নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডের কৈয়ামধু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওয়ার্ডে ভোটার সংখ্যা ১ হাজার ২শ’ ৩ জন। কলাপাড়ায় কোস্টগার্ডের অভিযানে ট্রলার আটক কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা \ অভিযান চালিয়ে সুন্দরবনের সুন্দরী গাছ বোঝাই একটি ট্রলার আটক করেছে পটুয়াখালীর কলাপাড়া কোস্টগার্ড সদস্যরা। গত শনিবার রাত নয়টার দিকে আন্ধারমানিক নদীর মোহনা সংলগ্ন নিজামপুর এলাকা থেকে ৬০ পিস গাছ উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। জানা গেছে, সুন্দরবন থেকে ইঞ্জিনচালিত ট্রলার বোঝাই করে নিয়ে আসছিলো গাছগুলো। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড প্যাটি অফিসার সাব্বিরউদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম পাচারকারীদের ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে ট্রলারটি নিজামপুর তীরে ফেলে রেখে পাচারকারীরা পালিয়ে যায়। পটুয়াখালীতে মেডিক্যাল কলেজ হওয়ায় আনন্দ শোভাযাত্রা পটুয়াখালী প্রতিনিধি \ পটুয়াখালীতে মেডিক্যাল কলেজ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে গতকাল সকালে শহরে আনন্দ শোভাযাত্রা করেছে বিভিন্ন সংগঠন। স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) পটুয়াখালীর আয়োজনে এই আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, পৌর মেয়র ও স্বাচিপের সাধারণ সম্পাদক ড. মোঃ শফিকুল ইসলাম এবং জেলা সিভিল সার্জন ডা. মোঃ নওশের আলী। উল্লেখ্য, গত একনেকের সভায় পটুয়াখালীতে মেডিক্যাল কলেজ স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। বারহাট্টায় উপবৃত্তির হার বৃদ্ধির দাবিতে মানববন্ধন বারহাট্টা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা জেলা দরিদ্রপ্রবণ এলাকা হিসাবে প্রাথমিক শিক্ষার উপবৃত্তির হার ৪৫% থেকে ৯০%-এ উন্নীত করার দাবিতে গত রবিবার বারহাট্টায় উপজেলা পাবলিক পলিসি ফোরামের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত হন। এতে বক্তব্য রাখেন পাবলিক পলিসি ফোরামের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক আঃ শহীদ খান সেজু, পানা আক্তার, নেত্রকোনা জেলা সাংবাদিক ফোরামের সদস্য আনিছুল আলম শামীম এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির উপজেলা ফ্যাসিলিটেটর চঞ্চল সরকার। মহেশপুরে বিভিন্ন মামলায় ৪ জামায়াত কর্মী আটক মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ মহেশপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রবিবার সকালে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪ জামায়াত কর্মীকে আটক করেছে। মহেশপুর থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, বিভিন্ন নিয়মিত মামলার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। এরা হলেন: (১) আত্তাব হোসেন(২৮), পিং দেলোয়ার হোসেন সাং পদ্মপুকুর, (২) রকিবউদ্দিন (২৮) পিং বেনু মিয়া সাং পোড়াদাহ, (৩) খোকন, (৩৮) পিং হাশেম আলী সাং মহেশপুর, (৪) মাসুদ রানা (৪৫) পিং হকের আলী সাং মহেশপুর। এদের বিরুদ্ধে মহেশপুর থানায় ৪/৫টি বিভিন্ন নিয়মিত মামলা রয়েছে। মহেশপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান হতে তাদেরকে আটক করেছে। তারা দীর্ঘদিন যাবত্ পলাতক ছিল। সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচন সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ২৬৫২ ভোট পেয়ে বিএনপি দলীয় প্রার্থী শফিকুল আলম বাবু (ফুটবল) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক কাউন্সিলর আব্দুল আনিস খান চৌধুরী বকুল (মোরগ) প্রতীকে পেয়েছেন ১৮৮৪ ভোট। গত শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শহরের পলাশপোল উচ্চ বিদ্যালয়, পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কামলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। বিএনপি নেতার জামিন বাতিলে কুলিয়ারচরে মিছিল কিশোরগঞ্জ প্রতিনিধি ও কুলিয়ারচর সংবাদদাতা \ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ বিএনপির ৯ নেতার জামিনের আবেদন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে গত রবিবার সন্ধ্যায় কুলিয়ারচর উপজেলা সদরে কয়েকশ’ নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। বক্তব্য রাখেন শাহ আলম, বাচ্চু মিয়া, আক্তারুজ্জামান, এ কে এম ফরীদউদ্দিন প্রমুখ। কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ গত রবিবার তিতাস উপজেলার কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মেহেরুননেসা কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন বিনিয়োগ বোর্ডের পরিচালক যুগ্মসচিব তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান হাবিব ও তিতাস উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোশাররফ হোসেন আনসারী। কালীগঞ্জে পরিবার পরিকল্পনার পল্লী গান কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য প্রজনন স্বাস্থ্য এবং জেন্ডার বিষয়ের উপর দিনব্যাপী পল্লী গান অনুষ্ঠিত হয়েছে। মা ও শিশু স্বাস্থ্য প্রজনন স্বাস্থ্য এবং জেন্ডার বিষয়ের উপর দিনব্যাপী এ পল্লী গান অনুষ্ঠিত হয়। গত রবিবার পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আমানউল্লাহ্র সঞ্চালনায় কালীগঞ্জ বাজার সংলগ্ন উপজেলার প্রধান বাসস্ট্যান্ড সচেতনতামূলক পল্লী গান শুরু করে বয়াতী দেলোয়ার হোসেন ও তার দল। দিনব্যাপী কালীগঞ্জের বিভিন্ন জনবহুল স্থানগুলোতে সচেতনতামূলক এ পল্লী গানের আসর চলে। রানীনগরে আশা’র শিক্ষা বিষয়ক কর্মশালা রানীনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রানীনগরে গতকাল সোমবার আশা আবাদপুকুর ব্রাঞ্চের আয়োজনে গ্রামের ঝড়েপড়া, দরিদ্র ও অসহায় শিশুদের মাঝে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদানের উদ্দেশ্যে আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা -সেবিকা ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আশা আবাদপুকুর ১নং ব্রাঞ্চের ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে রানীনগর উপজেলায় আশা’র প্রথম এই শিক্ষা প্রদান পাইলট কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন আশা’র নওগাঁ জেলা ম্যানেজার (ডি.এম) মোঃ জিয়াউল হাসান প্রমুখ। দামুড়হুদায় ইটভাটায় ফের বোমা হামলা দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ গত রবিবার গভীর রাতে ফের সন্ত্রাসীরা চাঁদার দাবিতে দামুড়হুদার কার্পাসডাঙ্গা এম,এম ইটভাটায় বোমা হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমার আলামত উদ্ধার করেছে এবং একই উপজেলার দুধপাতিলার ভুট্টাক্ষেত থেকে ৪টি তাজা বোমা উদ্ধার করেছে। এদিকে দামুড়হুদার চারুলিয়ার আমবাগানে ১১ ফেব্রুয়ারি ২ ইটভাটা শ্রমিক হত্যা মামলার সন্দেহভাজন আসামি আলতাফ হোসেন (৩৫) ও জামাল উদ্দীনকে (৩৮) আটক করেছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। মোকামিয়া দরবার শরিফের মাহফিল সম্পন্ন বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ বেতাগীর মোকামিয়া দরবার শরিফে দুইদিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে গতকাল সোমবার শেষ হয়েছে। ফজরের নামাজ শেষে এ মোনাজাতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। আখেরী মোনাজাত পরিচালনা করেন মোকামিয়া দরবার শরিফের গদিনসীন পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ মো.মাহমুদুল হাসান ফেরদৌস। প্রায় ৩৫ মিনিটের মোনাজাতে মুসলিম উম্মার ঐক্য কামনা করা হয়। দেশ ও জাতির স্বার্থে ঐক্যের পাশাপাশি দলমত নির্বিশেষে দেশ প্রেমিকদের ঐক্যবদ্ধ হতে পরম করুণাময় আল্লাহর দরবারে শান্তি কামনা করা হয়। ঈমান ও ইসলাম নিয়ে বাঁচার জন্য আল্লাহর নিকট দোয়া করা হয়। ভালুকায় ১০টি দোকান ভস্মীভূত ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ ভালুকা উপজেলার বিরুনীয়া মোড় এলাকায় গতকাল সোমবার ভোর রাতে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে । এতে নগদ এক লাখ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি । জানা যায়, ঘটনার রাতে উল্লেখিত এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় মনিরুজ্জামানের (মনোহারী দোকান) নগদ ৫২ হাজারসহ ২০ লাখ টাকা, অমল দেবনাথের (ওষুধের ফামের্সী) দুই লাখ টাকা, জালাল উদ্দিনের (মেশিনারী দোকান) নগদ ২২ হাজার টাকাসহ দুই লাখ ৫০ হাজার টাকা, রাসেলের (মনোহারী দোকান) ৮ লাখ টাকা, জালাল ঢালীর (মনোহারী দোকান) দুই লাখ টাকা, আজিজুল হকের (মনোহারী দোকান) নগদ ৩০ হাজার টাকাসহ ৫ লাখ টাকা, বিপ্ল¬বর (মনোহারী দোকান) দুই লাখ টাকা এবং সেলুন ব্যবসায়ী বাদল ও চঞ্চলের দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। জামায়াতের আমির মুক্তিযোদ্ধা পরিচয় দেয়ায় ক্ষোভ দাগনভূঞা ( ফেনী) সংবাদদাতা \ দাগনভূঞা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে স্থানীয় আতাতুর্ক স্কুল মিলনায়তনে কমান্ডার শরিয়ত উল্যা বাঙালির সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আবদুল হান্নান, সাবেক এ.এস.পি মোঃ ফারুক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাংগঠনিক সম্পাদক এ.বি.এম বাহার, এ.বি.এম গোলাম কবির, সাবেক দাগনভূঞা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামরান উল্যাহ ভূঞা, এম.এ রব, রুহুল আমিন, সামছুল হক, আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম উপজেলা আহ্বায়ক মোজাহেরুল ইসলাম সোহেল, পৌর আহ্বায়ক কামাল উদ্দিন ভূঞা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা আহ্বায়ক আজিম সিদ্দিকী, প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জামায়াতের দাগনভূঞা উপজেলা সভাপতি নূরনবী দুলাল নিজেকে মুক্তিযোদ্ধা প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেন। নবাবগঞ্জে নদীতে বালু কাটায় ৩ জনের জরিমানা নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি \ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কৈইলাইল এলাকার ইছামতি নদীতে বালু উত্তোলন করে বিক্রয়ের অপরাধে ৩ জনকে আটক করে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হলেন মো. ক্ষুদু মেম্বার (৬৫), আমজাদ হেসেন (৫৫) ও হাফিজুল রহমান (৪২)। গত রবিবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহিদ উল্ল¬াহ আসামিদের এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত্ বালু ব্যবসায়ীরা সরকারি অনুমতিবিহীন ইছামতি নদীর পাড়ে কৈইলাল এলাকা থেকে কোদাল দিয়ে বালু কেটে বিক্রয় করে আসছিল। কুমিল্লার কিশোরী পটুয়াখালীতে উদ্ধার পটুয়াখালী প্রতিনিধি \ কুমিল্লা থেকে পাচার হওয়া কিশোরীকে পটুয়াখালী লঞ্চঘাট থেকে গতকাল সোমবার ভোরে পুলিশ উদ্ধার করেছে। তারা আটক করেছে পাচারকারী আ. খালেককে। উদ্ধারকৃত কিশোরী কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা। আটক খালেক পটুয়াখালীর বাউফল উপজেলার আতশখালী গ্রামের মৃত আ. কাদের মোল্লার ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সকালে লঞ্চঘাটে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ঐ কিশোরী ও খালেকের কথাবার্তায় অসংগতি থাকায় তাদেরকে থানায় নিয়ে আসা হয়। পরে খালেক পুলিশের কাছে পাচারের ঘটনা স্বীকার করে। বড়াইগ্রামে কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া একতা কুলি শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আবজাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জালালউদ্দিন পুনঃনির্বাচিত হয়েছেন গত রবিবার। এ নির্বাচনে কোষাধ্যক্ষ পদে ইউসুফ আলী এবং কার্যনির্বাহী সদস্যপদে জুলফিকার আলী ও শফিজউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, মোখলেছ আলী ও আলেক হোসেন নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা মেধা প্রকল্পের উদ্বোধন কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা মেধা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার উত্তর বালিগাঁও প্রাথমিক শিক্ষা মেধা প্রকল্পের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো.আব্দুস শহীদ। মেধা প্রকল্পের সভাপতি লক্ষ্মীকান্ত সিংহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইফতেখায়ের হোসেন ভূঞা, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় করেন সদানন্দ সিংহ প্রমুখ। সৈয়দপুরের ওসিকে অপসারণের দাবিতে বিক্ষোভ সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী সৈয়দপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদার রহমানকে আগামী ২০ মার্চের মধ্যে অপসারণের দাবি জানিয়েছে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। ওই দাবিতে সংগঠনের পক্ষ থেকে সৈয়দপুর শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।