আদিতমারীতে বিভক্ত বিএনপি আশাবাদি আওয়ামী লীগ

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২১:৫৭
আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে পুরো উপজেলায় ছেয়ে গেছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পোস্টার। সেইসাথে প্রার্থীরা অবিরাম চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। চলছে উঠান ও গণসংযোগ। এছাড়া দুপুরের পর থেকে মাইকের প্রচারণায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিআইর পরিচালক মোঃ সিরাজুল হক (কাপ-পিরিচ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমরুল কায়েস ফারুক (মোটর সাইকেল), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাসুম বিল্লাহ (আনারস), বিএনপি সমর্থিত প্রার্থী আইয়ুব আলী (ঘোড়া) ও জামায়াত সমর্থিত প্রার্থী আলাউল ইসলাম ফাতেমী পাভেল (দোয়াত কলম) প্রতীক নিয়ে লড়ছেন। ভাইস চেয়াম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিএনপির বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান রাব্বী (টাইপ মেশিন), আওয়ামী লীগের নীল কমল রায় (চশমা), বিএনপির হাবিবুর রহমান হবি (বই), আওয়ামী লীগের বিদ্রোহী মোফাজ্জল হোসেন (তালা), আওয়ামী লীগের বিদ্রোহী এমদাদুল হক (টিয়া পাখি), জামায়াত সমর্থিত এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু (টিউবওয়েল), স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম (উড়োজাহাজ), আওয়ামী লীগের বিদ্রোহী সেলিম হায়দার (মাইক) ও আওয়ামী লীগের বিদ্রোহী রত্নেশ্বর রায় (বৈদ্যুতিক বাল্ব)। ভাইস চেয়ারম্যান মহিলা পদে বিএনপি সমর্থিত রোজিনা বেগম সম্পা (হাঁস), বিএনপির বিদ্রোহী জেসমিন আক্তার (কলস), আওয়ামী লীগ সমর্থিত শামছুন নাহার মিলি (পদ্মফুল), বিএনপির বিদ্রোহী প্রার্থী শিউলী আক্তার (ফুটবল) ও আওয়ামী লীগের বিদ্রোহী নার্গিস পারভীন আমেনা (বৈদ্যুতিক ফ্যান) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। উভয় দলের কর্মী-সমর্থকরা মনে করছেন, দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা তার সাথে রয়েছেন। নির্বাচনে জয়ের ব্যাপারে রয়েছেন আশাবাদী। তবে এ নির্বাচনে বিএনপি দু’ভাগে বিভক্ত হওয়ায় এ আসনটি আওয়ামী লীগের দখলে আবারও আসতে পারে বলে এলাকাবাসী মনে করেন।