প্রচার-প্রচারণায় সরগরম স্বরূপকাঠি

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২১:৫৭
স্বরূপকাঠি উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় সরগরম গোটা স্বরূপকাঠি। সর্বত্র বিরাজ করছে উত্সবের আমেজ। স্থানীয় সরকারের অরাজনৈতিক এ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের সাথে করছেন কুশল বিনিময়, কামনা করছেন দোয়া, সমর্থন ও ভোট। চালিয়ে যাচ্ছেন গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক। এর পাশাপাশি দলীয় প্রার্থীকে বিজয়ী করতে তাদের কর্মী-সমর্থকরাও দলে দলে ভাগ হয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতীক বরাদ্দের পর হ্যান্ডবিল বিতরণ ও চলছে মাইকে প্রচারণা। প্রার্থীদের ছবি ও প্রতীক সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে হাট-বাজার, গ্রামেগঞ্জের অলি-গলিসহ বিস্তীর্ণ জনপথ। চায়ের দোকান, হোটেল রেস্টুরেন্ট, অফিসপাড়াসহ সর্বত্র চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা-পর্যালোচনা। একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মেটি ভোটার সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৪১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ৭৩৩ জন এবং মহিলা ভোটার ৭০ হাজার ৬৮৬ জন। মোট ভোট কেন্দ্র ৬৪টি। উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ (মোটর সাইকেল), জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো.আমিনুল ইসলাম রন (আনারস), আওয়ামী লীগ নেতা মো. শামীম হাসান (টেলিফোন), আওয়ামী লীগ নেতা আব্দুল হক (দোয়াত কলম), ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি মো. শহিদুল ইসলাম তালুকদার (কাপ পিরিচ), ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা জেপির সভাপতি মো. নাজমুল ইসলাম সাঈদ (চশমা), উপজেলা যুবলীগের আহবায়ক মো. লাভলু আহম্মেদ (তালা), উপজেলা বিএনপির সদস্য খান মো. বাকীবিল্লাহ (বই), বিএনপি নেতা মো. আইয়ুব আলী (টিউবওয়েল), মো. মাসুম ফরাজী (উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোসা.জাহানারা বেগম (পদ্মফুল), আওয়ামী লীগ নেতা শান্তা রানী সুতার (ফুটবল), আওয়ামী লীগ নেতা প্রগতি মন্ডল ( প্রজাপতি) ও শিল্পী খাতুন কলস প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৫ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।