গত রবিবার ও সোমবার দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১৭ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এবং সংবাদদাতারা।
বাবুগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩
বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের রামপট্টি এলাকায় রবিবার ভোর রাতে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক, হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছে। আহত হয়েছে বাসের ২০ যাত্রী। রবিবার রাতে বাবুগঞ্জের রামপট্টি দুর্ঘটনা কবলিত হয়ে চালক রুস্তম আলী মারা যায়। শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অন্যদের মুত্যৃ ঘটে।
বেনাপোলে যুবকের লাশ উদ্ধার
বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে টিটু (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বিজিবি। রবিবার সকালে পুটখালী চরের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হাজীগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে মৃত ১
চাঁদপুরের হাজীগঞ্জ বিদ্যুত্স্পৃষ্টে এক দারোয়ানের করুণ মৃত্যু হয়েছে। গতকাল সোমবার পৌরসভাধীন ৬ নং ওয়ার্ড পূর্ব মকিমাবাদ সর্দার বাড়ির সম্মুখে বিদ্যুতের তারের স্পর্শ লেগে ঘটনাস্থলেই মোঃ ফখরুল ইসলাম ফখু (৩৫) মারা যায়।
আদমদীঘিতে বৃদ্ধের আত্মহত্যা
বগুড়ার আদমদীঘির এক প্রত্যন্ত পল্লীতে ৭৫ বছর বয়সের ছালামত নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আদমদীঘির কুন্দ্রগ্রামের তারতা গ্রামের আমির আলীর পুত্র ছালামত হোসেন মানসিক রোগে ভুগছিলেন। গত রবিবার রাতে সবার অজান্তে নিজ শয়ন ঘরের ছাদের তীরের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সোনাগাজীতে নৈশ প্রহরীর লাশ উদ্ধার
ফেনীর বক্তারমুন্সী বাজারের পাশে গতকাল সোমবার মোঃ নূরুল ইসলাম নামের এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মোঃ সালেহ জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত নূরুল ইসলাম স্থানীয় মঙ্গলকান্দি গ্রামের মৃত মৌলভী জালাল আহমদের পুত্র।
কমলনগরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক চাপায় শাকিব (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার লক্ষ্মীপুর-রামগতি মহাসড়কের ফোরকানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা নিশ্চিত করে জানান, শাকিব রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাক চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সে চরজাঙ্গালিয়া এলাকার প্রবাসী আজাদ উদ্দিনের পুত্র।
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ২ জন নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুরের পেন্নাই এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় হাসেম মিয়া (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়। হাসেম মিয়া পেন্নাই গ্রামের মৃত কফিলউদ্দিন মিয়ার পুত্র। অপরদিকে জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের পিলগিরি গ্রামের মিজানুর রহমানের পুত্র হূদয় গতকাল রবিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়।
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
বরিশাল-ঢাকা মহাসড়কের মস্তফাপুরের ছোট ব্রিজ নামক স্থানে রবিবার এক সড়ক দুর্ঘটনায় মেহেদী (২) নামের এক শিশু মারা গেছে।
মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় আমাতুন নূর (৫২) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পটুয়াখালীতে শিশু শ্রমিকের লাশ উদ্ধার
পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর এলাকার বালুরমাঠ থেকে গতকাল সোমবার মোঃ নূরুল্লাহ (১২) নামের এক শিশু শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঠাকুরগাঁওয়ে ছিনতাইকারীর হাতে নিহত ১
ঠাকুরগাঁও সদর উপজেলা খোঁচবাড়ি নামক স্থানে দুর্বৃত্তদের হাতে মফিজউদ্দিন বাচ্চু নামে এক ব্যক্তি খুন হয়েছেন। সোমবার সকালে পুলিশ রাস্তার পাশ থেকে এই লাশ উদ্ধার করে।
শৈলকূপায় দিনমজুরকে গলা কেটে হত্যা
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার সিদ্ধি গ্রামের মাঠে একটি গমের ক্ষেতে ময়েন উদ্দিন বিশ্বাস (৪৫) নামে এক দিনমজুরকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। তার বাবার নাম একদিল বিশ্বাস। সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কংগাইশ নাম স্থানে গত রবিবার ট্রেনে কাটা পড়ে জয়নব বেগম (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়।
বড়াইগ্রামে মত্স্য চাষীকে কুপিয়ে হত্যা
নাটোরের বড়াইগ্রাম ও লালপুর উপজেলার সীমান্তে গোধড়া ব্রিজের কাছে রবিবার ভোররাতে কামাল হোসেন (২৬) নামে এক মাছ চাষীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কামাল গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামের নূরুল হক হারানের ছেলে।
