ব্যবসায়ীদের জন্য মংলা বন্দর কর্তৃপক্ষের ইজারা দেয়া প্লটের খাজনা এবং কিছু বিতর্কিত বিষয় নিয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে জোটবদ্ধ আন্দোলনে নামছে বন্দরের প্লট মালিক ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, বণিক সমিতি ও ব্যবসায়ীদের সাথে কথা না বলে এক তরফাভাবে বন্দর কর্তৃপক্ষ একটি সভার মাধ্যমে পূর্বের তুলনায় দ্বিগুণ খাজনা বৃদ্ধি করেছে। এতে করে বন্দরের প্লট বরাদ্দ নেয়া ব্যবসায়ীরা দারুণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বন্দর কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করলে অচিরে ব্যবসায়ীরা লাগাতার আন্দোলন সংগ্রাম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
প্লট মালিক ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, বন্দর কর্তৃপক্ষের এই হটকারী সিদ্ধান্ত বন্দরের কাছে ব্যবসায়ীরা (যারা বন্দরের কাছ থেকে প্ল¬ট বরাদ্দ নিয়েছে) মেনে নেবে না। এর প্রতিবাদে তাদের আন্দোলনের সকল প্রস্তুতি চলছে। আন্দোলনের জন্য ইতোমধ্যে তারা ৩১ সদস্য কমিটিও গঠন করে ফেলেছে।
