‘সব দায় আমার এবং কোচের’

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২২:১৩
হতাশা তাকে সব সময়ই একটু বেশি কাবু করে দেয়। আফগানিস্তানের বিপক্ষে হারের পর খুবই ভেঙে পড়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য সেই ধাক্কা কিছুটা হলেও কাটিয়ে উঠেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলের সর্বশেষ পরাজয়ের সব দায় নিজের কাঁধে নিয়ে সতীর্থদের ওপর ভরসা রাখলেন। বললেন—এখনও বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে। এই দুই পরাজয়ের পর এখন আর আমাদের এশিয়া কাপে বাস্তব কোনো সম্ভাবনা কী আছে? আমাদের দুইটা সুযোগ আছে এখনও। আমরা শেষ দুটি ম্যাচ পাকিস্তানের বিপক্ষে কাছে গিয়ে হেরেছি। আমাদের ভালোই সম্ভাবনা আছে। অন্তত জয় নিয়ে এই টুর্নামেন্ট শেষ করতে চাই আমরা। কারণ সামনে টি-২০ বিশ্বকাপ। তাই আমরা যেন এই ম্যাচ দুইটা সেভাবে শেষ করতে পারি। দলের ভেতরে অনেক সমস্যা বলে গুঞ্জন। বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের মিটিং হয়েছে, কয়েকজন খেলোয়াড় ঠিক দলের জন্য খেলছেন না বলে মিডিয়াতেও এসেছে... যাদের নাম এসেছে, আমার মনে হয় তাদের চাপে পড়ার কিছু নেই। আমি নিজে দেখিনি কাদের নাম এসেছে। তবে নাম যারই আসুক, আমার কাছে মনে হয় অধিনায়ক হিসেবে আমার জন্য এটা সতর্ক সংকেত। হয়তো আমি দলটাকে ওভাবে নেতৃত্ব দিতে পারছি না। আমি টিমটাকে এক করতে পারছি না। এ কারণে অনেকের নাম এসেছে। আমি মনে করবো যে, গাফিলতিটা আমার এবং কোচের। পাকিস্তানের বিপক্ষে খেলা এই সময়ে কতটা চ্যালেঞ্জের? আমরা বর্তমানে যে জায়গায় আছি শুধু পাকিস্তান কেনা যে কোনো দলের সঙ্গেই খেলা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের। কালকেও (আজ) আমাদের আরেকটা সুযোগ দেখানোর যে, শেষ যে ম্যাচটা খেলেছি সেটা খুব বাজে দিন ছিলো আমাদের ক্রিকেটের জন্য। বোর্ডে দল নিয়ে আলোচনা হওয়াটা আপনাদের জন্য চাপ কিনা? আমি মনে করি না এটা চাপ। আমরা অনেক মিটিং করেছি আগে। আমরা জানি আমাদের দায়িত্ব কি। আমরা আমাদের কমতিটা জানি। কালকে ম্যাচ, আমরা দেখাতে চাই বাংলাদেশ দল ভালো ক্রিকেট খেলছে। সাকিব ফিরছে দলে। এটা দলে কেমন প্রভাব পড়বে? প্রভাব পড়বে। ও অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ও দলে থাকলে আমাদের একটা বোলার, একটা ব্যাটসম্যান খেলাতে পারি। আশা করছি, আমার উপর চাপটা একটু কম হবে। অনন্ত আমার পরে সাকিব, নাসির আছে। সেদিক থেকে বলবো, খুবই ভালো একটা খবর। ও শেষ কয়েকদিন ভালো অনুশীলন করছে। সে ভালো অবদান রাখবে। মাহমুদউল্লাহ ফিরলেন দলে। তিনি কী ভালো অবস্থায় আছেন? হয়তো রিয়াদ ভাই ওনার মানে ব্যাটিংয়ে যেভাবে অবদান রাখার কথা, সেভাবে পারছিলেন না। বোলিং অনেক ভালো করছিলেন। সেদিক থেকে বলবো যে, এতটুকু আত্মবিশ্বাস ওনার আছে। আর ব্যাটিংয়ে সুযোগ পেলে আশা থাকবে উনি যেন ওই সুযোগটা নেয়। দলকে এখন আবার আগে জায়গায় নিয়ে যেতে হলে ঠিক কী কী পরিবর্তন করতে হবে? আমার মনে হয় না, কোনো ক্ষেত্রেই আমূল করতে হবে। তিনটা বিভাগ যদি আপনি ভালো করেন, আপনার দিকে রেজাল্ট আসে; তাহলে তো পরিবর্তন করার কিছু নাই। এখন অনেকের চোখে খারাপ লাগলেও আমি বারবারই ব্যক্তিগতভাবে বলছি, এটা আমাদের দল না, এটা একটা দেশের দল। এখানে আমিও যদি খুব ভালো না হই, তাহলে আমারও বদলি আসবে। পাকিস্তানের বিপক্ষে কী জয়ের জন্য নামার কথা ভাবতে পারছেন? জয়ের কথা তো অবশ্যই। আমরা যদি তিনটা বিভাগে খেলি আমরা পাকিস্তান কেন যে কোনো দলের বিরুদ্ধেই জিতবো। যদিও তারা খুব কঠিন দল। তারপরও আমার কাছে মনে হয়, অসম্ভব কিছুই না তাদেরকে হারানো।