মিসবাহদের প্রশংসায় সাবেকরা

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২২:১৩
পাকিস্তান এশিয়া কাপের খেলায় ভারতের বিরুদ্ধে নাটকীয় জয়ের পর দলটির প্রশংসায় মুখর হয়েছেন সাবেক ক্রিকেটাররা। এদের মধ্যে অগ্রভাগে আছেন পাকিস্তানের সাবেক দুই তারকা ক্রিকেটার ইমরান খান এবং শোয়েব আখতার। উভয়েই আলাদা করে প্রশংসায় ভাসান অভিজ্ঞ অলরাউন্ডার ও ম্যাচটিতে পাকিস্তানের জয়ের নায়ক শহীদ আফ্রিদীকে। ইমরান খান বলেন, ‘সিনিয়র খেলোয়াড় হিসেবে আফ্রিদী তার দায়িত্ব পুরোপুরি পালন করেছে। প্রচণ্ড চাপের মুখে তার খেলা দেখে আমি সত্যিই আনন্দিত।’ পাকিস্তানের অপর সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার বলেন, ‘পাকিস্তান জয়ী হওয়ায় আমি খুশী। কিন্তু আমি মনে করি এটা আমাদের কাঙ্ক্ষিত ব্যাটিং নয়। তবে আমাদের বোলিং ছিল দুর্দান্ত। ব্যাটিং সহায়ক উইকেটে ভারতকে অল্প রানে বেঁধে দেয়ায় বোলারদের অবশ্যই কৃতিত্ব ছিল। যদিও শোয়েব মনে করেন ভারত তাদের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীর অভাব অবশ্যই অনুভব করছে। তার মতে খেলাটিতে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির কিছু কিছু জায়গায় সিদ্ধান্ত ভুল ছিল। শোয়েব বলেন, ‘পাকিস্তানের ব্যাটিং এক সময় ভেঙ্গে পড়ার পর তার অবশ্যই শামির জন্য দুই ওভার হাতে রাখা উচিত ছিল।’ পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফের মতে প্রথমে ব্যাটিংয়ে নামার সময় ভারতীয় ব্যাটসম্যানরা কিছুটা হলেও অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল। ইউসুফের মতে এটা সম্পূর্ণই তার নিজের ধারণা। একারণেই তারা খুব বেশী স্ট্রোক খেলেছে এবং তার মূল্যও তাদের দিতে হয়েছে। এই পিচে ভারতের অন্তত ৬০ থেকে ৭০ রান কম ছিল। ব্যাটিং উইকেটে পাকিস্তানী বোলারদের অবদানকে তিনি আলাদাভাবে প্রশংসা করেছেন। আফ্রিদীর ম্যাচ জয়ী ইনিংস সম্পর্কে উল্লেখ করতে গিয়ে ইউসুফ বলেন, একজন অলরাউন্ডার যেকোন সময় একটি দলের ম্যাচ জয়ে বা পরাজয়ে ভূমিকা রাখতে পারে। রবিবার আফ্রিদী পাকিস্তানের জয়ে কাজ করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাচক এবং সাবেক অধিনায়ক রশিদ লতিফ মনে করেন এশিয়া কাপে যুবরাজ সিংকে না রেখে ভারত দারুণ ভুল করেছে। বিশেষ করে ধোনী এবং সুরেশ রাইনা খেলতে পারছেন না বলে যুবরাজকে অনেক বেশী দরকার ছিল। সীমিত ওভারের ম্যাচের জন্য সে দলের একজন অপরিহার্য খেলোয়াড়। তার উপর তার আগ্রাসী মনোভাব ও অল রাউন্ড নৈপুণ্য দারুণভাবে দলকে সহায়তা করতো। পাকিস্তানী স্পিনারদের বিপক্ষে তার অভিজ্ঞতাও বিবেচনা করা উচিত ছিল। পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান এবং সাবেক প্রধান কোচ মহসিন খান বলেছেন, আফ্রিদী প্রমাণ করেছেন কেন তার মত সিনিয়র খেলোয়াড়দের উপর আস্থা রাখাটা জরুরী। তিনি বলেন, ‘আমি মনে করি এই জয়ে সবাই নিজ নিজ অবদান রেখেছে। কিন্তু আফ্রিদী শেষ ওভারে যেভাবে চাপকে সামলে নিয়েছে তাতেই পাকিস্তান ম্যাচে জয়ী হয়েছে। তার অভিজ্ঞতা কাজে লেগেছে।’বাসস