জনসন-হ্যারিসে এগিয়ে অস্ট্রেলিয়া

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২২:৩৩
মিচেল জনসন ও রায়ান হ্যারিসের বোলিং তোপে কেপটাউন টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস গুটিয়ে গেছে ২৮৭ রানে। তবে তাদের ফলো অন না করিয়ে দ্বিতীয় দফায় ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারিদের সংগ্রহ বিনা উইকেটে নয় রান। অর্থাত্, টেস্টের দুদিন হাতে রেখে তারা এগিয়ে আছে ২১৬ রানে। আগের দিনের সংগ্রহের সাথে কোন রান যোগ করেই ৪৯৪ রানে প্রথম ইনিংস ঘোষনা করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। ইনিংসের মাত্র পঞ্চম ওভারেই প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথকে তুলে নিয়ে অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমান করেন হ্যারিস। খানিকবাদে অ্যালেক্স ডুলানকে তুলে নেন প্যাটিনসন। এরপর জনসন অলিভারো পিটারসেনকে তুলে নিলে চাপে পড়ে যায় প্রোটিয়ারা। আগের টেস্টের সেঞ্চুরিয়ান হাশিম আমলা ইনিংস মেরামতের চেষ্টা করলেও বেশীক্ষন ক্রিজে থাকা হয়নি তারও। হ্যারিসের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন তিনি। আক্রমনে ফিরে জনসন এরপর ভিলিয়ার্স ও ডুমিনিকে ফিরিয়ে দিলে ফলোঅনের শঙ্কা জাগে প্রোটিয়া শিবিবে। ফিল্যান্ডার এবং ডেল স্টেইন দলের সংগ্রহ বাড়ালেও সেটা যথেষ্ট ছিল না ফলো অন এড়ানোর জন্য। ফিল্যান্ডার অপরাজিত থাকেন ৩৭ রানে। ৬৭ রান করা ফ্যাফ ডু প্লেসিস ছিলেন প্রোটিয়াদের সফলতম ব্যাটসম্যান। অন্যদিকে প্রথম টেস্টে সফরকারিদের জয়ের নায়ক জনসন চার উইকেট নিয়ে ছিলেন অস্ট্রেলিয়ার সেরা বোলার। হ্যারিস শিকার করেন তিনটি উইকেট। প্রতিপক্ষকে চতুর্থ ইনিংসে ব্যাট করানোর জন্য সুযোগ পেয়েও দক্ষিণ আফ্রিকাকে ফলোঅন না করানোর সিদ্ধান্ত নেন ক্লার্ক। প্রথম ইনিংসে অপরাজিত ১৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা ক্লার্ক আজ তাদের লিডটাকে কত দূরে নিয়ে যান সেটাই দেখার বিষয়।