এখন হাতে হাতে মোবাইল ফোন। আছে ইন্টারনেট সংযোগ। চাইলেই দেশ-বিদেশের খবর জানা যায় সহজেই। খেলার খবর জানার জন্য দর্শক এখন হাতের মোবাইল ফোনে জানতে পারছেন এই মুহূর্ত ঘটে যাওয়া মাঠের খবর। ফুটবলের খবরও জানা যাবে মোবাইল ফোনে। বাংলাদেশের ফুটবল ভক্তরা মোবাইল ফোনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলের প্রতিদিনের আপডেট নিউজ, ফুটবলের গোল এলার্ট, ফুটবল নিউজ, ম্যাচ প্রেডিকশন ইত্যাদি ফুটবল সংক্রান্ত সকল তথ্য মোবাইল ফোনের মাধ্যমে অতি সহজেই জানতে পারবেন। আর এই সুযোগ করে দিতে বাফুফের সাথে চুক্তিবদ্ধ হয়েছে মাল্টিসোর্সিং লিমিটেড। সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল মোবাইল কনটেন্ট প্রোভাইডার হিসেবে মাল্টিসোর্সিং লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। গতকাল প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের হাতে দেড় লাখ টাকার চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি তাবিথ আউয়াল এবং মাল্টিসোর্সিং লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর তাফসির আউয়াল।
