খেলাধুলার পাশে ভারতের সাইকেল পিওর আগরবাতি

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২২:৩৪
চলমান এশিয়া কাপ ক্রিকেটের পাওয়ার স্পন্সর সাইকেল পিওর আগরবাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারতের এন আর গ্রুপ বাংলাদেশের খেলাধুলার পাশে থাকতে আগ্রহী। বাংলাদেশের খেলাধুলার প্রতি এই প্রতিষ্ঠানের নীতি নির্ধারকরা খোঁজ-খবর নিয়েছেন। এখানে কোন খেলাগুলো বেশি জনপ্রিয় তারও একটা পর্যবেক্ষণ করেছে প্রতিষ্ঠান। একই সাথে বাংলাদেশে আগরবাতি বাণিজ্যিকরণের পাশাপাশি খেলাধুলায় হাত বাড়াবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অর্জুন এম রাঙ্গা। গতকাল দুপুরে স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আগরবাতি উত্পাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা বাংলাদেশে তাদের লক্ষ্য নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। এশিয়া কাপ ক্রিকেটের কারণে বাংলাদেশে ভারতের এন আর গ্রুপের যাত্রা শুরু হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পার্টনার ভারতীয় এই বাণিজ্যিক প্রতিষ্ঠান এন আর গ্রুপ। আগামী দুই বছর আইসিসির যত খেলা রয়েছে সবখানেই আর এন গ্রুপ পাশে থাকবে। বাংলাদেশে খেলা হলেও এই প্রতিষ্ঠানের প্রচারণা থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বলেছেন আমরা শুধু খেলাধুলায় না, অন্যান্য সংস্কৃতিতেও পাশে থাকবো। এদেশের ধর্মীয় অনুসারীদের মধ্যেও খেলার টান লক্ষ্য করেছি আমরা। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অংশীদার কিরণ ভি রাঙ্গা, দিবেন্দ্যু চক্রবর্তী, শ্রীরেন রেগিনাল্ডসহ অন্য কর্মকর্তারা বলেন, বাংলাদেশের বাজারে সাইকেল পিওর আগরবাতি আজ থেকে পাওয়া যাবে। অর্জুন রাঙ্গা জানিয়েছেন, ‘বাংলাদেশে স্থায়ীভাবে আগরবাতির উত্পাদন এবং বাজারজাত করবেন তারা। আপাতত এখানকার জেনুইন মার্কেটিং প্রতিষ্ঠানের মাধ্যমে সাইকেল পিওর আগরবাতি বাজারজাত করছে।’ বাংলাদেশের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার প্রশ্নে ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, ‘বাংলাদেশে বাজার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে এদেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখতে চাই আমরা।’ তারা জানিয়েছেন, ৬৪টি দেশে রফতানি হয় আগরবাতি, ৮০০ কোটি আগরবাতি উত্পাদন হয় ৬টি দেশে।