ব্রাজিল-দক্ষিণ আফ্রিকা প্রীতি ম্যাচ কাল

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২২:৩৪
দক্ষিণ আফ্রিকা আগামীকাল বুধবার এক প্রীতি ম্যাচে চলতি বছরের জুনে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের আয়োজক ব্রাজিলকে স্বাগত জানাবে। জোহানেসবার্গে খেলাটি অনুষ্ঠিত হবে। ব্রাজিলকে ২০০২ সালের বিশ্বকাপ জেতানো এবং বর্তমানে সে দেশের কোচ লুই ফিলিপ স্কলারি দক্ষিণ আফ্রিকা সফরকে ‘গুরুত্বপূর্ণ পরীক্ষা’ বলে জানিয়েছেন। কেননা গত ছয়টি প্রীতি ম্যাচে জয় পাওয়া ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাও তাদের শেষ ছয় খেলায় মাত্র একটিতে হেরেছে। যদিও আগের বারের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা বাছাই পর্বে হেরে এবারের বিশ্বকাপে উঠার যোগ্যতা অর্জন করতে পারেনি। মূলত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ১৯৫০ সালে বিশ্বকাপের আয়োজক দেশ হয়েও শিরোপা না জেতার আক্ষেপটা এবার পুষিয়ে নিতে কঠোর অনুশীলনে মনোযোগী। দক্ষিণ আফ্রিকার কোচ গর্ডন ইগেসান্দ খেলাটি যে গুরুত্বপূর্ণ তা মানছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রতিদিন কেউ মাঠে নামার সুযোগ পাবে না। এটা বিশাল একটা সুযোগ আমাদের জন্য। কেননা আমরা গত বছর স্পেনের বিরুদ্ধে সর্বশেষ খেলায় হেরেছিলাম। আমরা ব্রাজিলের সাও পাওলোতে খেলেছি এবং মাত্র ১-০ ব্যবধানে হেরেছিলাম (২০১২ সালের সেপ্টেম্বরে)।’ তিনি আরো বলেন, ‘তারা ২০১৪ বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ায় খেলাটি গুরুত্ব দিয়ে খেলবে। আপনি তাদের দলটির দিকে তাকালেই বুঝতে পারবেন। দল নিয়ে আমিও আত্মবিশ্বাসী এবং আমি বিশ্বাস করি, আসন্ন খেলাটিতে আমরা খুবই প্রতিযোগিতামূলক হয়ে উঠব। এটি খেলোয়াড়দের জন্য বিশাল চ্যালেঞ্জের।’ ব্রাজিল এরপর তিন ও ছয় ?জুন যথাক্রমে পানামা ও সার্বিয়ার বিরুদ্ধে আরো দুইটি প্রীতি ম্যাচ খেলবে। কেননা স্পেনকে হারিয়ে গত বছর ফিফা কনফেডারেশন কাপ জেতার পর ব্রাজিল খুব বেশি ফুটবল খেলেনি। তাছাড়া আয়োজক দেশ হওয়ায় সঙ্গত কারণে বাছাই পর্বেও খেলতে হয়নি তাদের। ফলে প্রীতি ম্যাচগুলো দিয়ে সে ঘাটতি পুষিয়ে নিতে প্রত্যয়ী ব্রাজিল। ব্রাজিল তাদের বিশ্বকাপ প্রতিপক্ষদের বিবেচনায় রেখে প্রীতি ম্যাচের জন্য দলগুলো নির্বাচন করেছে। জুনের ১২ তারিখ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে উদ্বোধনী খেলা দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুইটি প্রতিপক্ষ হলো মেক্সিকো ও ক্যামেরুন।