অ ন্য র ক ম

রিকশাচালক থেকে অধ্যাপক!

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ১৯:২৮
ভারতের গোরখপুরের রামজানকি নগর। এখানকার বাসিন্দা গঙ্গারাম রিকশাচালক। এটা দিয়েই সংসার চলে তাঁর। সমপ্রতি তাঁর উদ্ভাবনী শক্তি দেখে অভিভূত হন বিজ্ঞানীরা। গঙ্গারামের আবিষ্কারের তালিকায় রয়েছে এমন ধরনের ট্রাক্টর যা চালাতে কোনও ধরনের জ্বালানি লাগে না। তিনি দাবি করেছেন- বিশেষ ধরনের সাইকেলের মডেল বানাতে সক্ষম তিনি। যা জলেতেও চলবে। গ্রামের মানুষ এবং চাষীদের কাজের ক্ষেত্রে সুবিধে হয় এমন জিনিস বানাতে আগ্রহী তিনি। গঙ্গারামের দাবি, তাঁর তৈরি জিনিস দিয়ে গ্রামের মানুষেরা খুব সহজেই নদী পেরিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে যেতে পারবে। বিজ্ঞানীরা তাঁর গ্রামে গিয়ে তাঁর আবিষ্কার দেখে আসার প্রতিশ্রুতি দেন। বিএইচইউ থেকে প্রতিশ্রুতি দেয়া হয়, তাঁর আবিষ্কৃত জিনিস নিয়ে অবিলম্বেই প্রজেক্টের কাজ শুরু হবে। বেঙ্গালুর ইন্সটিটিউট অফ সায়েন্সের পক্ষ থেকে গঙ্গারামকে এই ধরনের একাধিক মডেল বানানোর জন্য অনুরোধ করা হয়। গঙ্গারামকে অর্ধেক রয়্যালটি দেয়ারও প্রতিশ্রুতি দেন তারা। এদিকে জুলাইয়ে বিএইচইউয়ে শুরু হয় গঙ্গারামের তৈরি করা মডেল নিয়ে প্রজেক্টের কাজ। তারপরই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রিকশাচালক গঙ্গারামকে অধ্যাপক পদে যুক্ত হওয়ার জন্য আর্জি জানানো হয়। এখন শুধু সময়ের অপেক্ষা, খুব শিগগিরই গঙ্গারামকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে দেখা যাবে!