ডিএসই’র ২৫ ভাগ লেনদেন ৫ কোম্পানি ঘিরে

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২১:০৩
টানা চার কর্মদিবস ধরে দরপতনের পর গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। এদিকে ডিএসই’র লেনদেনে ৫ কোম্পানির প্রাধান্য দেখা গেছে। এ কোম্পানিগুলো ঘিরে লেনদেন হয়েছে ডিএসই’র মোট লেনদেনের প্রায় ২৫ ভাগ। কোম্পানিগুলো হলো লাফার্জ সুরমা সিমেন্ট, সাউথ ইস্ট ব্যাংক, বাংলাদেশ সাব মেরিন কেবল, জিপি এবং অলিম্পিক। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬২ কোটি ৮২ লাখ ১৭ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ৪২ কোটি ৬০ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯০টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের। এদিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল এ অনুমোদন দিয়েছে। ফেসভ্যালু ১০ টাকা অনুযায়ী কোম্পানিটি পুঁজিবাজারে ৪ কোটি শেয়ার ছেড়ে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থে কোম্পানিটি চলতি মূলধন, ব্যাংকের মেয়াদী ঋণ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে। ২০১৩ সালের ৩০ জুনে শেষ হওয়া অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ দশমিক ৮২ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ২৪ দশমিক ২৬ টাকা।